নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মাদক উদ্ধারে বড়োসড়ো সাফল্য পেল কলকাতা পুলিশের নারকোটিক শাখা। বৃহস্পতিবার রাতে কসবার টেগোর পার্কের এক হোটেলে হানা দিয়ে সাত কেজি ‘হাইড্রোপনিক’ গাঁজা সহ এক বিক্রেতাকে গ্রেপ্তার করেছেন লালবাজারের গোয়েন্দারা। ধৃতের নাম হাসান আলি। উদ্ধার হওয়া এই বিপুল পরিমাণ গাঁজার দাম প্রায় ২ কোটি টাকা। কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) কুণাল আগরওয়াল এই খবর জানিয়েছেন।
সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে লালবাজারের নারকোটিক শাখার গোয়েন্দারা বৃহস্পতিবার রাতে প্রথমে টেগোর পার্কের এক গেস্ট হাউসে হানা দিয়ে হাসান আলিকে আটক করেন। তারপর তল্লাশি চালিয়ে তাঁরা একটি খামের মধ্যে রাখা প্রায় সাড়ে পাঁচশো গ্রাম হাইড্রো গাঁজা এবং মাদক বিক্রির সাড়ে ৭৬ হাজার টাকা উদ্ধার করেন। গোয়েন্দারা হাসানের চৌবাগা রোডের বাড়িতে হানা দিয়ে সাড়ে ৬০০ গ্রাম হাইড্রো গাঁজা উদ্ধার করেছেন।
গোয়েন্দাদের দাবি, এই প্রজন্মের যুবক-যুবতীদের কাছে ‘হাইড্রোপনিক’ গাঁজা বা হাইড্রো গাঁজা অত্যন্ত জনপ্রিয়। মূলত, চোরাপথে ব্যাংকক থেকে কলকাতায় আসছে। ‘হাইড্রোপনিক’ গাঁজা কী? মূলত, ইন্ডোরে জলের মধ্যে চাষ করা হয় এই গাঁজা। এরজন্য নিয়ন্ত্রিত তাপমাত্রায় এলইডি বা কৃত্রিম আলো ব্যবহার করা হয়। ফলে মাটিতে চাষ করা সাধারণ গাঁজার থেকে এই গাঁজাতে নেশা বেশি হয়। এতে ট্রেটা হাইড্রো ক্যানাবিয়ল বেশি থাকে। তাই আকাশছোঁয়া দাম হলেও, জেন জি প্রজন্মের কাছে জনপ্রিয়তার শিখরে রয়েছে এই গাঁজা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত হাসান গোয়েন্দাদের জানিয়েছে, ব্যাংকক থেকে চোরাপথে মোট ১২ কেজি হাইড্রো গাঁজা কলকাতায় আনা হয়েছিল। যার মধ্যে হাসানের কাছে ছিল আট কেজি। বাকি চার কেজি হাইড্রো গাঁজা সহ পলাতক এক যুবকের খোঁজ করছে লালবাজার। হাসানের বিরুদ্ধে মাদক আইনে জামিন অযোগ্য একাধিক ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে লালবাজার। ধৃত হাসান আলি।