Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

মোদির ব্রিগেডের আগের দিনই খড়্গপুর স্টেশনে বিপুল পরিমাণ টাকা সহ গ্রেপ্তার ১, শোরগোল

মোদির ব্রিগেডের সভার আগের দিন শুক্রবার নগদ ৫০ লক্ষ টাকা সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল খড়্গপুর জিআরপি। ধৃতের নাম ইব্রাহিম মোল্লা(৪২)

মোদির ব্রিগেডের আগের দিনই খড়্গপুর স্টেশনে  বিপুল পরিমাণ টাকা সহ গ্রেপ্তার ১, শোরগোল
  • ১৫ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, খড়্গপুর: মোদির ব্রিগেডের সভার আগের দিন শুক্রবার নগদ ৫০ লক্ষ টাকা সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল খড়্গপুর জিআরপি। ধৃতের নাম ইব্রাহিম মোল্লা(৪২)। বাড়ি হুগলি জেলার চণ্ডীপুর থানার কুমিরতলা এলাকায়। শুক্রবার বিকালে খড়্গপুর স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্ম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ওই ব্যক্তির ব্যাগ থেকে নগদ ৫০ লক্ষ ৭৭ হাজার টাকা উদ্ধার হয়। শনিবার দুপুরে খড়্গপুর ডিভিশনের জিআরপির এসআরপি মিতুনকুমার দে সাংবাদিক বৈঠক করে জানান, বিপুল পরিমাণ ওই টাকার উৎস সম্পর্কে কোনো সদুত্তর ওই ব্যক্তি দিতে পারেননি। কোনো নথিও দেখাতে পারেননি। তারপরই ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।  শনিবার ধৃতকে আদালতে তোলা হলে বিচারক সাতদিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন।

Advertisement

খড়্গপুর জিআরপি সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিকালে খড়্গপুর স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে ওই ব্যক্তি ইতস্তত ঘোরাফেরা করছিলেন। তাঁর গতিবিধি দেখেই কর্তব্যরত জিআরপি কর্মীদের সন্দেহ হয়। তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন জিআরপির আধিকারিকরা। তাতে তিনি হকচকিয়ে যান। তল্লাশি চালাতেই ওই ব্যক্তির কাছে থাকা একটি কালো রঙের ব্যাগ থেকে ৫০০ টাকা ও ২০০ টাকার নোট মিলিয়ে মোট ৫০ লক্ষ ৭৭ হাজার টাকা উদ্ধার হয়। 
মিতুনবাবু বলেন, জিজ্ঞাসাবাদের পর ওই ব্যক্তি অসংলগ্ন কথা বলতে শুরু করে। ধৃতের নাম ইব্রাহিম বলে আমরা জানতে পেরেছি। সে ওড়িশার গঞ্জাম জেলায় একটি সোনার দোকানে কাজ করে বাড়ি ফিরছিল। ধৃতের বিরুদ্ধে পুরানো কোনো মামলা রয়েছে কি না, তার খোঁজ নেওয়া হচ্ছে। টাকা উদ্ধারের ঘটনার বিবরণ আয়কর দপ্তরেও জানিয়ে দেওয়া হয়েছে। ধৃত ইব্রাহিমের কাছ থেকে খড়্গপুর-হাওড়া একটি ট্রেনের টিকিট পাওয়া গিয়েছে। তদন্তে সবদিকই খতিয়ে দেখা হচ্ছে। নির্বাচনের আগে ঠিক দু’বছরের মাথায় ফের একবার খড়্গপুরে বিপুল পরিমাণ টাকা উদ্ধার ঘিরে বিভিন্ন মহলেই শোরগোল পড়ে গিয়েছে। শাসকদল তৃণমূলের নেতারা মনে করিয়ে দিচ্ছেন, ২০২৪ সালের মে মাসে মেদিনীপুর লোকসভা আসনে ভোটের দিনকয়েক আগে খড়্গপুর শহরে ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভা। সেই সভা শেষে, সন্ধ্যা নাগাদ খড়্গপুর গ্রামীণের সাহাচকের একটি লজ থেকে প্রায় ৩২ লক্ষ টাকা উদ্ধার হয়েছিল। ওই লজে থাকা জেলা বিজেপির নেতাদের কাছ থেকেই টাকা উদ্ধার করে পুলিশ। ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্রিগেডের সভার আগের দিনই খড়্গপুর স্টেশনে বিপুল পরিমাণ টাকা উদ্ধার ঘিরে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরার কটাক্ষ, ওই ব্যক্তি বিজেপি শাসিত ওড়িশায় থাকে বলে জানতে পেরেছি। বিজেপির সভার আগের দিনই বিপুল পরিমাণ এই টাকা উদ্ধার হল। পুলিশ ভালোভাবে তদন্ত করুক। 
মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপির মুখপাত্র অরূপ দাস বলেন, তৃণমূল এখন সব কিছুতেই বিজেপির ভূত দেখছে। আমরাও চাই, রেলপুলিশ বিষয়টি ভালোভাবে তদন্ত করুক।

Advertisement
সম্পর্কিত সংবাদ