হামলায় ধৃত এক, বিকাশের  বিরুদ্ধেও তদন্তের হুঁশিয়ারি
  • ১০ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলার ঘটনায় একজনকে গ্রেপ্তার করল পুলিশ। পাশাপাশি, এই বর্ষীয়ান সিপিএম নেতা ও আইনজীবীর বিরুদ্ধেও মোট তিনটি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। 

Advertisement

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই বিষয়ে বলেছেন, বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে যে ঘটনা ঘটেছে, তা সরকার সমর্থন করে না। তিনি আরও বলেন, গ্রেপ্তার হওয়া বাপ্পা গুছাইত তৃণমূল কর্মী। তৃণমূল নেতাদের সঙ্গে তার অনেক ছবি আছে। তিনি এও বলেন, বিকাশবাবু তাঁর পোস্টে ‘হিন্দুত্ববাদীদের’ বিরুদ্ধে লিখেছেন। ২৪ ঘণ্টার মধ্যে ওই পোস্ট না ডিলিট করলে তাঁর বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে। বিকাশের উপর হামলার ঘটনায় গ্রেপ্তারির কথা এদিন প্রধান বিচারপতির এজলাসেও জানিয়েছে রাজ্য। বিকাশবাবু পালটা বলেন, সরকারের কাজই আইন রক্ষা করা। গ্রেপ্তার করেছে, ভালো কথা। কিন্তু কার পরিকল্পনা, মাথায় কে আছে তা জানতে হবে। তিনি আরও যোগ করেন, অভিযোগকারীদের রসগোল্লা খাওয়াব। ওঁরা অভিযোগ জানিয়েই তো প্রমাণ করে দিলেন। কসবা, গড়ফা ও তপসিয়া থানায় বিকাশবাবুর বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে মোট তিনটি অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ সূত্রের খবর, ধৃত বাপ্পা আসলে উলুবেড়িয়ায় বাসিন্দা। ঘর ভাড়া নিয়ে গড়িয়ার বোয়ালিয়ায় থাকত। তার বিরুদ্ধে রয়েছে একাধিক চুরির অভিযোগ। নরেন্দ্রপুর থানা এর আগে তাকে গ্রেপ্তার করেছিল বলেও পুলিশ সূত্রের খবর।