Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

‘অভিনয়ে একবার সন্তুষ্ট হলে তো সন্ন্যাস নিতে হবে’

দানিশ হুসেইন। অভিনেতা হিসেবে নির্মাতাদের কাছে ভরসার মানুষ। কাজ নিয়ে তাঁর পরিকল্পনা শেয়ার করলেন একান্ত আড্ডায়।

‘অভিনয়ে একবার সন্তুষ্ট হলে তো সন্ন্যাস নিতে হবে’
  • ১৯ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

দানিশ হুসেইন। অভিনেতা হিসেবে নির্মাতাদের কাছে ভরসার মানুষ। কাজ নিয়ে তাঁর পরিকল্পনা শেয়ার করলেন একান্ত আড্ডায়।

Advertisement

• ঝুঁকি  
ব্যাঙ্কের নিশ্চিত চাকরি ছেড়ে অভিনয়ের মতো অনিশ্চিত দুনিয়ায় পা রেখেছিলেন দানিশ। ঝুঁকি নিতে ভয় করেনি? হেসে বললেন, ‘আসলে নিশ্চয়তা, অনিশ্চয়তা— এসব আমাদের চিন্তাভাবনার উপর নির্ভর করে। চাকরি মানেই এক নিশ্চিত দুনিয়া, তা কখনও হতে পারে না। আগামী দিনে কী হবে তা ভাবতে বসলে আজকে বাঁচব কীভাবে? তাই কী হবে না ভেবে, কী করতে পারব সেটাই বেশি জরুরি।’
• আফশোস 
অভিনয় জীবন অনেকটাই দেরিতে শুরু করেছেন দানিশ। তা নিয়ে আফশোস নয়, বরং অন্য এক দর্শনে বিশ্বাস করেন বলে জানালেন। তাঁর কথায়, ‘প্রায় ৩২ বছর বয়সে আমি অভিনয়ের কেরিয়ার শুরু করেছি। আফশোস করে কী লাভ হবে? আমি তো আর সময়কে ফিরিয়ে আনতে পারব না। আমার নিয়ন্ত্রণে যা আছে, শুধু সেটাই করতে পারব।’
• স্বপ্ন 
অভিনেতা হিসেবে প্রতি মুহূর্তে নানা স্বপ্ন লালন করেন দানিশ। সঠিক চরিত্র, সঠিক সুযোগের অপেক্ষা করেন। স্বপ্নের মধ্যেই যেন তাঁর বেঁচে থাকা। ‘হাজার স্বপ্নের জাল বুনে বসে আছি। এখনও অনেক কাজ করতে হবে। নিজের মধ্যে কাজের খিদে সবসময় জাগিয়ে রাখা উচিত। একবার সন্তুষ্ট হলে তো সন্ন্যাস নিতে হবে’, হেসে বললেন অভিনেতা।
• বাস্তব চরিত্র  
সাম্প্রতিক অতীতে জিফাইভে-র ‘ক্রাইম বিট’ সিরিজে দানিশের কাজ নানা মহলে প্রশংসিত। এক শীর্ষ স্থানীয় সংবাদপত্রের সম্পাদকের ভূমিকায় অভিনয় করেছেন দানিশ। সে প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাকে অনেক সাংবাদিক বলেছেন যে আমার চরিত্রটি তাঁদের সম্পাদকের কথা মনে করে দিয়েছে। ব্যাস, আর কি চাই (হাসি)! তবে চরিত্রের প্রস্তুতির জন্য আমি কোনও ক্রাইম রিপোর্টারের সঙ্গে দেখা করিনি। সুধীর মিশ্রা ছিলেন, উনিই যথেষ্ট। আর এই প্রজেক্টের কনসালটেন্ট ছিলেন সাংবাদিক-সম্পাদক জয়রাজ সিং। ওঁরা আমাকে সাহায্য করেছিলেন।’
• ধূসর চরিত্র
পুরোপুরি পজিটিভ বা নেগেটিভের তুলনায় ধূসর চরিত্র দানিশের বেশি প্রিয়। সেই ধরনের চরিত্র অভিনেতা হিসেবে নতুন চ্যালেঞ্জ তৈরি করে বলে মনে করেন তিনি। স্পষ্ট বললেন, ‘কোনও মানুষই পুরো সাদা বা পুরো কালো হতে পারে না। আপনাকে কেউ পছন্দ করবে, আবার কেউ হয়তো পছন্দ করবে না। মানুষ মাত্রই ধূসর হয়। তাই ধূসর চরিত্র অনেক বাস্তবসম্মত। আমার ভালো লাগে।’

দেবারতি ভট্টাচার্য • মুম্বই

 

সম্পর্কিত সংবাদ