Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

শীত পেরোনোর পথে, বৃষ্টিশূন্যই কাটাল বাংলা

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে। সেটি কিছুটা শক্তি বাড়াবে। তবে এই নিম্নচাপের কোনো প্রভাবই পশ্চিমবঙ্গসহ পূর্ব ভারতের উপর পড়বে না।

শীত পেরোনোর পথে, বৃষ্টিশূন্যই কাটাল বাংলা
  • ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে। সেটি কিছুটা শক্তি বাড়াবে। তবে এই নিম্নচাপের কোনো প্রভাবই পশ্চিমবঙ্গসহ পূর্ব ভারতের উপর পড়বে না। জানাচ্ছে আবহাওয়া দপ্তর। রাজ্যে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা বাড়তে থাকবে। পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে পাঞ্জাব, হরিয়ানাসহ উত্তর ভারতের কিছু এলাকায় বৃষ্টি হবে। সব মিলিয়ে চলতি শীতকালে বৃষ্টিশূন্যই থাকল বাংলা। মনে করছেন আবহাওয়াবিদরা। 

Advertisement

কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা কয়েকদিন ধরে ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকছে। ২৯ ডিগ্রির আশপাশে রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা। মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল  ১৭.২ ডিগ্রি সেলসিয়াস। এটা স্বাভাবিকের থেকে  ১.৫ ডিগ্ৰি কম। দক্ষিণবঙ্গের সর্বত্রই সর্বনিম্ন তাপমাত্রা বাড়ছে। এদিন দক্ষিণবঙ্গে সবচেয়ে কম সর্বনিম্ন তাপমাত্রা ছিল নদীয়ার কল্যাণীতে (১৩ ডিগ্ৰি)। উত্তরবঙ্গের সমতল এলাকার মধ্যে সবচেয়ে কম সর্বনিম্ন তাপমাত্রা ছিল জলপাইগুড়িতে (১২.৬ ডিগ্ৰি)। এমনকি দার্জিলিং পাহাড়েও সর্বনিম্ন তাপমাত্রা আগের তুলনায় কিছুটা বেড়েছে। এদিন সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল  ৫.৫ ডিগ্ৰি।
কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা এখনও ৩০ ডিগ্রি সেলসিয়াসের নীচে। তবে জেলাগুলিতে, বিশেষ করে পশ্চিমাঞ্চলে তা ছাড়িয়েছে ৩০ ডিগ্রি। জেলাগুলিতে অবশ্য সর্বনিম্ন তাপমাত্রা কলকাতার তুলনায় অনেকটাই কম। সেখানে সর্বনিম্ন তাপমাত্রা মোটামুটি ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করছে। তবে কলকাতা ও জেলাসহ সর্বত্রই শুধু ভোর এবং রাতের দিকে হালকা শীতের অনুভূতি মিলছে। আপাতত যা পূর্বাভাস, তাতে মনে হচ্ছে—এখন ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে থাকবে। ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩০ ও ২০ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলবে। এই পরিস্থিতি স্থায়ীমাত্রা পেলেই আবহাওয়া বিজ্ঞানের সংজ্ঞায় শীত পুরোপুরি বিদায় নিয়েছে এবং বসন্ত এসে গিয়েছে বলা যাবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ