Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বাড়ি তৈরি নিয়ে পড়শিদের সঙ্গে বিবাদ, দেগঙ্গায় বেধড়ক মারধরে রক্তাক্ত বৃদ্ধ

বাড়ি তৈরি নিয়ে পড়শিদের সঙ্গে বিবাদ, দেগঙ্গায় বেধড়ক মারধরে রক্তাক্ত বৃদ্ধ
  • ৩ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: জমি সংক্রান্ত বিবাদের জেরে এক বৃদ্ধ ও তাঁর ছেলেকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল পড়শিদের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতের এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে দেগঙ্গার ঝিকড়া কলোনি এলাকায়। আশঙ্কাজনক অবস্থায় বৃদ্ধ জগন্নাথ দাসকে বারাসত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক তরজা চলছে এলাকায়।

Advertisement

দেগঙ্গার হাদিপুর ঝিকরা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা জগন্নাথ দাস বিজেপির বুথ সভাপতি। তাঁর জমিতেই দীর্ঘদিন ধরে অস্থায়ীভাবে বাস করছিল বেশ কয়েকটি পরিবার। অভিযোগ, তাঁরা মূলত বাংলাদেশি। অস্থায়ীভাবে বসবাস করায় প্রাথমিকভাবে আপত্তি করেননি ওই বিজেপি নেতা। কিন্তু সম্প্রতি ওই লোকজন পাকা বাড়ির গড়তে শুরু করেন। তখনই আপত্তি জানান জগন্নাথবাবু। এ নিয়ে বেশ কিছুদিন ধরেই অশান্তি চলছিল। বৃহস্পতিবার রাতে যখন জগন্নাথবাবু ও পরিবারের সদস্যরা বাড়িতে ডিনার করছিলেন, সেই সময় পড়শিরা হামলা চালায়। জগন্নাথবাবু ও তাঁর ছেলে সুব্রতকে বেধড়ক মারধর করা হয় বলে দাবি পরিবারের। তাঁরা রক্তাক্ত হন। স্থানীয় বাসিন্দারাই তাঁদের উদ্ধার করে ভর্তি করেন বিশ্বনাথপুর গ্রামীণ হাসপাতালে। পরে তাঁদের স্থানান্তর করা হয় বারাসত হাসপাতালে। জগন্নাথ দাসের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিইউ-তে রেখে তাঁর চিকিৎসা চলছে। এনিয়ে সুব্রত দাস বলেন, আমাদের জমিতে বাংলাদেশিরা বসবাস করছিল। কিন্তু তারা পাকা ঘর তৈরি করতে গেলে বাবা বাধা দেয়। সেকারণেই তরুণদেব বর্মন ও তার পরিবারের সদস্যরা আমাদের উপর চড়াও হয়। বাঁশ, লোহার রড, ইট দিয়ে মারধর করা হয়। আমরা থানায় অভিযোগ করেছি। অভিযুক্তরা যাতে পালিয়ে না যায়, পুলিস সেটা দেখুক। পাশাপাশি ওদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।
এদিকে তরুণের স্ত্রী শুভ্রা বর্মন বলেন, ওই জমিটি জগন্নাথ দাসের নয়। বৃহস্পতিবার দুপুরে জগন্নাথবাবু আমাদের উপর হামলা চালিয়েছে। আমরা বাংলাদেশি নয়। আমাদের উৎখাতের জন্য ষড়যন্ত্র করা হয়েছে। দেগঙ্গা থানার পুলিস জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ