সিডনি: বিরাট কোহলি আর বিতর্ক যেন সমার্থক। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ টেস্টেও কিং কোহলির আচরণ নিয়ে জোর চর্চা অব্যাহত। কী করেছেন বিরাট? অজি ইনিংসের ১১তম ওভারে ঘটনার সূত্রপাত। হঠাৎই পকেটে হাত ঢুকিয়ে দেন কোহলি। বোঝাতে চান পকেট খালি। হাতেও নেই কিছুই। পরের দৃশ্য আরও আশ্চর্যের। প্যান্টের ভিতর তাকিয়ে কোহলি বোঝাতে চান সেখানেও কিছু লুকিয়ে রাখা হয়নি। মূহর্তে ভেসে ওঠে ‘স্যান্ডপেপার গেট’ বিতর্কের স্মৃতি। ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ‘চিটিং’ করেন স্টিভ স্মিথরা। পকেটে লোকানো শিরিষ কাগজ দিয়ে বল বিকৃতির অভিযোগে নির্বাসিত হন স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফট। এর মধ্যে ব্যানক্রফটের বিরুদ্ধে অভিযোগ, তিনি পোশাকের গভীরে শিরিষ কাগজ রেখেছিলেন। সুযোগ বুঝে তা দিয়ে বল বিকৃত করেন তিনি। তাঁকে মদত দেন অধিনায়ক স্মিথ ও ওয়ার্নার। রবিবার সিডনিতে গ্যালারির অহেতুক আক্রমণে এক সময় মেজাজ হারান ভিকে। অজি সমর্থকদের পাল্টা জবাব দিতে ‘স্যান্ডপেপার গেট’ ঘটনাই মনে করালেন কোহলি।



