মোগাদিশু: সোমালিয়ায় হাইজ্যাক হওয়া তেলের ট্যাঙ্কারের পাঁচ সদস্যকে খুন করল জলদস্যুরা। নিহতদের মধ্যে একজন ভারতীয় নাবিক। মঙ্গলবার একথা জানিয়েছে পুন্টল্যান্ড মেরিটাইম পুলিশ ফোর্স (পিএমপিএফ)। জানা গিয়েছে, পালাউয়ের পতাকাবাহী ওই জাহাজটি সোমালিয়ার রাজধানী মোগাদিশু যাচ্ছিল। ভিতরে ছিল ১৮ হাজার ৫০০ ব্যারেল জ্বালানি। জাহাজে মোট ১৭ জন কর্মী ছিলেন। তাঁদের মধ্যে অধিকাংশ পাক নাগরিক। এছাড়াও ছিলেন ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, ভারত ও মায়ানমারের নাবিকরা। গত ২১ এপ্রিল এমটি অনার ২৫ নামে ওই জাহাজটিকে হাইজ্যাক করে জলদস্যুদের দল। তারপর থেকে সেটি তাদের দখলে ছিল। মঙ্গলবার জাহাজটিকে উদ্ধার করতে অভিযানে নামে পিএমএফ। তবে অভিযান শুরুর আগেই জাহাজের পাঁচ কর্মীকে খুন করে জলদস্যুরা। সোশ্যাল মিডিয়ায় পিএমপিএফ জানিয়েছে, ‘বন্দর বেলা জেলার ধারিন-বার উপকূলের কাছে অভিযান চালিয়ে জাহাজটি উদ্ধার করা হয়। ১৬ জন সন্দেহভাজন জলদস্যুকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের সন্ধানে জারি রয়েছে তল্লাশি। জাহাজটি বর্তমানে পুন্টল্যান্ড সরকারের সুরক্ষিত হেপাজতে রয়েছে।’



