Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

অবিলম্বে পেট্রল-ডিজেলের দামবৃদ্ধির পক্ষে জোর সওয়াল তেল সংস্থাগুলির

ভারতের তেল উৎপাদন সংস্থাগুলির বক্তব্য, লোকসানের হার আকাশ ছুঁয়েছে। অথচ দেশীয় বাজারে অশোধিত তেল এবং রান্নার গ্যাস বিক্রি করা হচ্ছে যে মূল্যে, তার জেরে মাসে ৩০ হাজার কোটি টাকার ক্ষতি হচ্ছে বলে দাবি তাদের।

অবিলম্বে পেট্রল-ডিজেলের দামবৃদ্ধির পক্ষে জোর সওয়াল তেল সংস্থাগুলির
  • ১২ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আন্তর্জাতিক বাজারে ব্যারেল প্রতি দর ছিল ৬৫ ডলার। পশ্চিম এশিয়ায় যুদ্ধজনিত কারণে তা ছাপিয়ে গিয়েছে ১১৫ ডলার। কখনও কমছে। কখনও বাড়ছে। কিন্তু ১০০ ডলারের নীচে আর নামছে না সবরকম অশোধিত তেলের দাম। আর তাই ভারতের তেল উৎপাদন সংস্থাগুলির বক্তব্য, লোকসানের হার আকাশ ছুঁয়েছে। অথচ দেশীয় বাজারে অশোধিত তেল এবং রান্নার গ্যাস বিক্রি করা হচ্ছে যে মূল্যে, তার জেরে মাসে ৩০ হাজার কোটি টাকার ক্ষতি হচ্ছে বলে দাবি তাদের। আর তাই অবিলম্বে পেট্রপণ্যের দাম না বাড়ানো না হলে রীতিমতো সংকট সৃষ্টি হবে। 

Advertisement

বৈদেশিক বাণিজ্য ঘাটতি এবং বিদেশি মুদ্রা ভান্ডার যে সংকটজনক অবস্থায় পৌঁছাচ্ছে সেটা রবিবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বুঝিয়ে দিয়েছেন। পেট্রপণ্য ব্যবহারের উপর  রাশ টানতে বলেছেন তিনি। এবার সেই সুরেই পেট্রলিয়াম মন্ত্রক সোমবার একদিকে যেমন বলেছে পেট্রল-ডিজেলের জোগানে এখনও কোনও সংকট নেই। অভ্যন্তরীণ উৎপাদনও পর্যাপ্ত। আবার পাশাপাশি এটাও বলেছে, যাতায়াতে গাড়ি ব্যবহার না করতে। ট্রেন, মেট্রো এবং ক্যাব ব্যবহার করে যেন একসঙ্গে যাতায়াত করেন নিত্যযাত্রীরা। সোমবার পেট্রলিয়াম মন্ত্রক সূত্রে বলা হয়েছে, ৭০ দিন ধরে বন্ধ হরমুজ প্রণালী। এখন আর পেট্রপণ্যের দাম না বাড়ালে চলছে না। অন্তত ২০ শতাংশ হারে দামবৃদ্ধি অবিলম্বে করতে হবে বলে মনে করছে তেল উৎপাদন সংস্থাগুলি। পেট্রলে লিটার প্রতি ২০ থেকে ২৫ টাকা করে লোকসান হচ্ছে বলে তেল সংস্থাগুলির দাবি। ডিজেলের লোকসান  আরও বেশি। 
সোমবার যুগ্ম সচিব সুজাতা শর্মা বলেছেন, প্যানিক করার দরকার নেই। প্রধানমন্ত্রী বলেছেন জ্বালানি সংরক্ষণ করতে। কিন্তু সুজাতা শর্মার কথায়, কোনও অভাব নেই এখনও। পেট্রপণ্য যতটা দরকার তার থেকেও বেশি সংরক্ষিত আছে। প্রতিদিন যে পরিমাণ বুকিং হচ্ছে, সেটাও যথারীতি পূরণ করা হচ্ছে। ১০টি জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে। সেগুলি আসছে ভারতে।

সম্পর্কিত সংবাদ