Bartaman Logo
৭ অক্টোবর, ২০২৬
বর্তমান / কলকাতা

স্কুলের পরিদর্শনে এবার উপ অধিকর্তা, যুগ্ম অধিকর্তা পর্যায়ের আধিকারিকরাও

এবার স্কুলশিক্ষা দপ্তরের ডেপুটি ডিরেক্টর এবং জয়েন্ট ডিরেক্টর পর্যায়ের আধিকারিকরাও বিদ্যালয় পরিদর্শনে যাবেন।

স্কুলের পরিদর্শনে এবার উপ অধিকর্তা,  যুগ্ম অধিকর্তা পর্যায়ের আধিকারিকরাও
  • ৭ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবার স্কুলশিক্ষা দপ্তরের ডেপুটি ডিরেক্টর এবং জয়েন্ট ডিরেক্টর পর্যায়ের আধিকারিকরাও বিদ্যালয় পরিদর্শনে যাবেন। মাসে একদিন অন্তত একটি স্কুল পরিদর্শন করতে হবে তাঁদের। সাব ইনস্পেক্টর অব স্কুলসরা (এসআই) সপ্তাহে দুটি এবং অ্যাসিস্ট্যান্ট ইনস্পেক্টর অব স্কুলসরা (এআই) মাসে অন্তত দুটি স্কুলে পরিদর্শন করবেন।

Advertisement

ঠিক কী খতিয়ে দেখবেন এই আধিকারিকরা? একগুচ্ছ বিষয়ে খতিয়ে দেখতে হবে তাঁদের। স্কুলে গত ১৫ দিনে না-আসা পড়ুয়া কারা, তাদের স্কুলে না-আসার কারণ কী, সেই রিপোর্ট তৈরি করতে বলা হয়েছে তাদের। স্কুলে না-আসার জন্য অন্তত ১২টি কারণের মধ্যে কোনো একটি থাকলে তা উল্লেখ করতে হবে। এর বাইরে কোনো কারণ থাকলেও তা জানাতে হবে। এর মধ্যে গৃহস্থালির কাজে সাহায্য, ছোটো ভাইবোনদের দেখভাল করা থেকে শুরু করে পরিবারের স্কুলে আসতে বাধাদান, রোজগারের চেষ্টা প্রভৃতি উল্লেখ করা হয়েছে। এর পাশাপাশি দেখা হবে স্কুলের পরিবেশ, পরিকাঠামো, শিক্ষকদের মান, কীভাবে তাঁরা পড়াচ্ছেন, ছাত্রছাত্রীরা রিডিং পড়তে পারছে কি না, সংখ্যাগত জ্ঞান কেমন প্রভৃতি বিষয়। আটপাতা জুড়ে উল্লিখিত বিভিন্ন বিষয়ের উপর নজরদারি করে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে তাঁদের।
বিভিন্ন শিক্ষক সংগঠন স্কুলশিক্ষা কমিশনার নিখিল নির্মলের দেওয়া এই নির্দেশকে স্বাগত জানিয়েছে। তবে, তাদের বক্তব্য, নিরবচ্ছিন্নভাবে এই পরিদর্শন হওয়া প্রয়োজন। পূর্বতন জমানাতেও এমন অর্ডার হয়েছিল। তবে, কিছুদিন তা চালিয়েই বন্ধও করা হয়েছে। সেইভাবেই চললে কোনো লাভ নেই। মত তাদের। 

Advertisement
সম্পর্কিত সংবাদ