ভুবনেশ্বর: ওড়িশার নয়া রাজ্যপাল হচ্ছেন ব্রিজমোহন রাম। রাজ্যের সাংবিধানিক প্রধান হিসাবে শপথগ্রহণের আগেই বিজেপির হয়ে কাজ করার কথা ঘোষণা করেছেন তিনি। তাঁর এই মন্তব্যে উষ্মাপ্রকাশ করেছে প্রধান বিরোধী দল বিজেডি। এমন এক ব্যক্তি সাংবিধানিক পদে বসে কীভাবে নিরপেক্ষভাবে কাজ করবেন, সেই প্রশ্ন তুলেছে নবীন পট্টনায়েকের দল। বিজেডি মুখপাত্র লেনিন মোহান্তির বক্তব্য, একজন রাজ্যপাল বলছেন, তিনি ওড়িশায় বিজেপির সংগঠনকে শক্তিশালী করার কাজ করবেন। এই মন্তব্যে আমরা অবাক। একজন রাজ্যপালের সবসময় নিরপেক্ষ হওয়া উচিত।
বিতর্কের শুরু নবনিযুক্ত রাজ্যপালের একটি সাক্ষাৎকার ঘিরে। ওড়িশার সাংবিধানিক প্রধান হিসাবে নাম ঘোষণা হতেই সংবাদ সংস্থার সঙ্গে কথা বলেন তিনি। সেখানে ব্রিজমোহন জানান, ঝাড়খণ্ডে বিজেপির ‘দলিত মোর্চা’-র সভাপতি পদে ছিলাম। সেখানে সংগঠনকে শক্তিশালী করতে সক্রিয় ভূমিকা নিয়েছিলাম। ওড়িশাতেও একটি এসসি মোর্চা রয়েছে। দায়িত্ব নেওয়ার পর আমি সেটিকে আরও সক্রিয় করার জন্য কাজ করব। সেইসঙ্গে ওড়িশায় বিজেপি পক্ষে আরও বেশি ভোট নিশ্চিত করতে সহায়তারও ইচ্ছা প্রকাশ করেন তিনি। তার পরেই তুমুল রাজনৈতিক তরজা শুরু হয়েছে।



