


সংবাদদাতা, রামপুরহাট: বৃহস্পতিবার রামপুরহাট মহকুমা শাসকের অফিসে মনোনয়ন জমা দেন তৃণমূল ও বিজেপির প্রার্থীরা। তবে বিজেপি প্রার্থীর মনোনয়নে ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝির অংশগ্রহণ ঘিরে সে রাজ্যে পরিযায়ী শ্রমিক আক্রান্তের ইস্যুতে তীব্র কটাক্ষ করেছে তূণমূল।
ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝিকে নিয়ে মনোনয়ন জমা দিতে আসার কথা আগাম ঘোষণা করেছিলেন রামপুরহাট কেন্দ্রের বিজেপি প্রার্থী ধ্রুব সাহা। কিন্তু মুখ্যমন্ত্রী দেরি করায় তিনি আগেই বক্স বাজিয়ে গেরুয়া কর্মী, সমর্থকদের নিয়ে রামপুরহাট এসডিও অফিসে মনোনয়ন জমা দিতে চলে আসেন এদিন। অনেক পরে আসেন ওড়িশার মুখ্যমন্ত্রী। এদিকে ওড়িশায় বাঙালি পরিযায়ী শ্রমিকদের ওপর আক্রমণ ও বৈষম্যের অভিযোগে সরব হয় তৃণমূল। ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝিকে নিশানা করে তৃণমূলের অভিযোগ, বিজেপির ‘বাংলা বিরোধী’ মানসিকতার কারণে সেখানে বাঙালি হকার ও শ্রমিকদের ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে মারধর, পিটিয়ে খুন করা হচ্ছে, যা ওই রাজ্যের সরকারের প্রশাসনিক ব্যর্থতা। সেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে বাংলার রামপুরহাটে এনে বিজেপি প্রার্থীর মনোনয়ন জমা দেওয়া নিয়ে গেরুয়া শিবিরকে ‘বাঙালি বিরোধী’ বলে আক্রমণ শানায় তৃণমূল। ষষ্ঠবারের জন্য মনোনয়ন জমা দিতে এসে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী দলের জেলা চেয়ারপার্সন তথা রামপুরহাট কেন্দ্রের তৃণমূল প্রার্থী আশিস বন্দ্যোপাধ্যায়। প্রার্থী বলেন, যে বাংলাভাষীদের অপমান করেন, সেই বিজেপি প্রার্থীর হয়ে প্রতিনিধিত্ব করছেন এটা জনসাধারণের বিরুদ্ধেই যাচ্ছে। বাংলাভাষী মানুষ এর মোক্ষম জবাব দেবেন।
যদিও ওড়িশার মুখ্যমন্ত্রীকে বাঙালি পরিযায়ী শ্রমিকদের ওড়িশায় হেনস্থা নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, এসব কিছু না। এটা আমাদের সরকার ও ওড়িশাকে বদনাম করার জন্য বলা হচ্ছে। ওড়িশার লোক বাংলায়, বাংলার লোক ওড়িশায় আসা যাওয়া করেন। দিদি ও তাঁর লোকেরা যা বলছেন তা মিথ্যে।
এদিন মুরারই কেন্দ্রের তৃণমূল প্রার্থী মোশারফ হোসেন ব্লক সভাপতি বিনয় ঘোষকে নিয়ে দ্বিতীয়বারের জন্য মনোনয়ন জমা দিতে যান। মুরারইয়ে কংগ্রেস প্রার্থী হয়েছেন সদ্য তৃণমূল ত্যাগী তথা প্রাক্তন বিধায়ক আব্দুর রহমানের ছেলে সঞ্জীবুর রহমান। সেই ব্যাপারে মোশারফ সাহেব বলেন, মুরারইয়ে কংগ্রেসের সংগঠন দুর্বল। সিপিএমের সঙ্গে জোট করে গতবার ১৭,৫০০ ভোট পেয়েছিল। এবার আরও কম পাবে।
এদিন মনোনয়ন জমা দেন মুরারইয়ের বিজেপি প্রার্থী রিঙ্কি ঘোষ। হাসন কেন্দ্রের বিজেপি প্রাথী নিখিল বন্দ্যোপাধ্যায় মনোনয়ন জমা দিতে গিয়ে তৃণমূল প্রার্থী কাজলকে আক্রমণ করে বলেন, খুন খারাপি, তোলাবাজির নায়ক কাজল শেখকে মানুষ প্রত্যাখ্যান করবেন। আবার বহু কর্মী, সমর্থক নিয়ে মনোনয়ন জমা দিতে এসে পালটা কাজল শেখ বলেন, মিথ্যাচারের আশ্রয় নিয়েছে বিজেপি। কিন্তু মানুষ জানে কারা উন্নয়ন করে। উন্নয়নই জয়ের পথের চাবি।
নলহাটি কেন্দ্রের তৃণমূল প্রার্থী রাজেন্দ্রপ্রসাদ সিং, বিজেপি প্রার্থী অনিল সিংও এদিন মনোনয়ন জমা দেন। মনোনয়ন জমায় অশান্তি এড়াতে এদিন পুলিশের পাশাপাশি এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল।