


নয়াদিল্লি: পরের বছর ওয়ান ডে বিশ্বকাপের জন্য ২০ জন ক্রিকেটারকে বেছে ফেললেন জাতীয় নির্বাচকরা। আইপিএলের সময় তাঁদের উপর বাড়তি নজর রাখা হবে। এতদিন কোটিপতি লিগের সময় নির্বাচকরা ছুটি উপভোগ করতেন। সেটা এবার হচ্ছে না। স্থানীয় ভেন্যুতে প্রত্যেক নির্বাচককে আইপিএলের ম্যাচে নজর রাখতে বলা হয়েছে। আসলে ২০ জন ক্রিকেটারের একটা প্রাথমিক তালিকা তৈরি করা হয়েছে আগামী ওয়ান ডে বিশ্বকাপের জন্য। তাদের পারফরম্যান্স নির্বাচকদের নোটবুকে জায়গা তো পাবেই, সেই সঙ্গে আইপিএলে যদি কোনও উঠতি ক্রিকেটার ভালো খেলেন, তাহলে তাঁকেও বিশ্বকাপ দলে সুযোগ দেওয়ার কথা বিবেচিত হতে পারে।
টি-২০ বিশ্বকাপ জেতার পর ভারতীয় ক্রিকেটাররা লম্বা ছুটি পেয়েছেন। তারপর দু’মাসের আইপিএল। আপাতত আন্তর্জাতিক সূচি বলতে জুনে আফগানিস্তানের বিরুদ্ধে একটি টেস্ট। সেটা হবে মুল্লানপুরে ৬-১০ জুন। এই ম্যাচে শক্তিশালী দল নামানোর কথা ভাবছে বিসিসিআই। কারণ, রশিদ খানরা আন্তর্জাতিক ক্রিকেটে দারুণ প্রভাব ফেলেছেন। লাল বলের লড়াইয়ে আফগানদের তাই হালকাভাবে নিতে নারাজ ভারতীয় দল। যশপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজদেরও খেলার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, আগস্ট থেকে মার্চ পর্যন্ত ভারত ন’টি টেস্ট খেলবে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার ক্ষেত্রে এই ম্যাচগুলি হয়ে উঠবে খুবই গুরুত্বপূর্ণ।
এদিকে, অজিত আগরকর নাকি মেয়াদবৃদ্ধির জন্য বোর্ডের কাছে কোনও আবেদন করেনি বলে শোনা যাচ্ছে। সেপ্টেম্বরে তাঁর সঙ্গে চুক্তি শেষ হবে বিসিসিআইয়ের। তারপর সচিব ও সভাপতি বৈঠকে বসে আগরকরের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। তবে পার্থিব প্যাটেলকে পরবর্তী নির্বাচক প্রধান করতে চায় বোর্ডের একাংশ।