Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ভিক্টরকে গোয়ালপোখরে প্রার্থী না করা হলে দল ছাড়ার হুঁশিয়ারি পর্যবেক্ষককে

আলি ইমরান রমজকে (ভিক্টর) প্রার্থী না করলে পরিদর্শকের সামনেই দল ছাড়ার হুমকি দিলেন কংগ্রেস নেতৃত্বের একাংশ।

ভিক্টরকে গোয়ালপোখরে প্রার্থী না করা হলে দল ছাড়ার হুঁশিয়ারি পর্যবেক্ষককে
  • ১৫ মার্চ, ২০২৬ ১৪:০৩
Prefer us on Google

সংবাদদাতা, ইসলামপুর: আলি ইমরান রমজকে (ভিক্টর) প্রার্থী না করলে পরিদর্শকের সামনেই দল ছাড়ার হুমকি দিলেন কংগ্রেস নেতৃত্বের একাংশ।

Advertisement

লোকসভার সাংসদ মহম্মদ হামিদুল্লা সইদকে অবজার্ভার করে এরাজ্যে পাঠিয়েছে কংগ্রেস হাইকমান্ড। শনিবার দুপুরে তিনি ইসলামপুর সার্কিট হাউসে পৃথকভাবে ইসলামপুর ও গোয়ালপোখর বিধানসভার নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন। দলের জেলা সভাপতি মোহিত সেনগুপ্তও এই বৈঠকে উপস্থিত ছিলেন। কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, ইসলামপুর নিয়ে তেমন কোনো সমস্যা হয়নি। কিন্তু গোয়ালপোখরের নেতৃত্বের সঙ্গে দীর্ঘসময় রুদ্ধদ্বার বৈঠক চলে। সেখানে ভিক্টরকে প্রার্থী না করা হলে দল ছেড়ে দেওয়ার হুমকি দেন নেতৃত্বের একাংশ।
কংগ্রেস নেতা নাফে হাবিব বলেন, গত লোকসভা নির্বাচনে গোয়ালপোখর থেকে ভিক্টর অনেক ভোট পেয়েছিলেন। এবার তাঁকে টিকিট দেওয়া হলে জয়ী হবেন। তাঁকে যাতে সেখানে প্রার্থী করা হয়, পরিদর্শকের সামনে সেই দাবি রেখেছি। জেলা নেতৃত্ব পরিস্থিতির গুরুত্ব না বুঝে আমাদের দাবিতে আমল দিচ্ছে না। ভিক্টরকে প্রার্থী না করা হলে দল ছেড়ে দেব।
মোহিত বলেন, যাঁরা এই ধরনের কথা বলছেন, তাঁরা কংগ্রেস করেন না। দলের নিয়ম, নীতি, আদর্শ মানেন না। হুমকি দিয়ে লাভ নেই। দল যাঁকে প্রার্থী করবে, সকলকে মেনে নিতে হবে।
এদিনের বৈঠকে তৃণমূলের সাংগঠনিক শক্তি নিয়েও আলোচনা হয়েছে। ইসলামপুর ব্লক সভাপতি হারুন রশিদ বলেন, তৃণমূল সরকারের লক্ষ্মীর ভান্ডার, যুবসাথী প্রকল্প নিয়েও কথা হয়েছে। পর্যবেক্ষক জানতে চেয়েছিলেন এই প্রকল্পের প্রভাব কতটা।
হামিদুল্লার মন্তব্য, প্রার্থী বাছাই করা আমার কাজ নয়। দল পর্যবেক্ষক করেছে। আমার কাজ নির্বাচনের আগে থেকে শেষ হওয়ার পর পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করা। তাই সবার সঙ্গে আলোচনা করছি।

সম্পর্কিত সংবাদ