Bartaman Logo
১৪ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

ওবিসি সংরক্ষণ: চাকরি হারাবেন আরও দেড় হাজার যোগ্য শিক্ষক!

ওবিসি সংরক্ষণ ১৭ শতাংশ থেকে ৭ শতাংশে নেমে এলে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে অন্তত ১৪০০-১৫০০ জন যোগ্য চাকরিহারা পুনর্নিয়োগের সুযোগ হারাবেন।

ওবিসি সংরক্ষণ: চাকরি হারাবেন আরও দেড় হাজার যোগ্য শিক্ষক!
  • ১৪ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ওবিসি সংরক্ষণ ১৭ শতাংশ থেকে ৭ শতাংশে নেমে এলে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে অন্তত ১৪০০-১৫০০ জন যোগ্য চাকরিহারা পুনর্নিয়োগের সুযোগ হারাবেন। এমনই আশঙ্কা করছে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ। এই শিক্ষকরা ওবিসি সংরক্ষণ পেয়েই ইন্টারভিউয়ে ডাক পেয়েছিলেন। তবে, সেই প্যানেল পুনর্গঠন করার সিদ্ধান্ত নিতে চলেছে এসএসসি। এমনিতেই প্রায় ১৫০০ যোগ্য শিক্ষক নিখিত পরীক্ষার নম্বরের ভিত্তিতে ইন্টারভিউয়ে ডাক পাননি। ফলে, সবমিলিয়ে বাতিল হয়ে যাবেন প্রায় তিন হাজার যোগ্য শিক্ষক। 

Advertisement

বৃহস্পতিবার নিউ টাউন কনভেনশন সেন্টারে এক অনুষ্ঠানে নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখা নিয়ে প্রশ্ন করা হয় স্কুলশিক্ষা মন্ত্রী দীপক বর্মনকে। তাঁর বক্তব্য, আদালতের আদেশের ভিত্তিতে অনগ্রসর শ্রেণিকল্যাণ দপ্তর যে নির্দেশিকা জারি করেছে, তার ভিত্তিতেই এই স্থগিতাদেশের সিদ্ধান্ত হয়েছে বলে তিনি জেনেছেন। একটি নির্দিষ্ট সময়ের আগের নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে ১৭ শতাংশ এবং তার পরবর্তী নিয়োগ প্রক্রিয়াগুলির জন্য ৭ শতাংশ ওবিসি সংরক্ষণ দেওয়া হবে। সেই হিসাব করার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁকে প্রশ্ন করা হয়, এর ফলে তো ওবিসি সংরক্ষণ পাওয়া বহু প্রার্থী চাকরির সুযোগ হারাবেন। এর উত্তরে তিনি বলেন, এ বিষয়ে স্কুল সার্ভিস কমিশন ভালো বলতে পারবে। তবে, সরকারের এই মনোভাবে স্পষ্ট, ওবিসি সংরক্ষণের এই পরিবর্তনে আরও যোগ্য শিক্ষককে যে চাকরিহারা হতে হবে না, নিশ্চিতভাবে বলতে পারছে না। যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফে চিন্ময় মণ্ডল বলেন, ‘সরকার সুপ্রিম কোর্টে সময় চাইবে। আমরাও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে প্রত্যেক যোগ্য শিক্ষকের চাকরি নিশ্চিত করার আবেদন জানাব। এ বিষয়ে আমরা ইতিমধ্যেই পরিকল্পনা শুরু করেছি।’

Advertisement
সম্পর্কিত সংবাদ