নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ওবিসি শংসাপত্র সংক্রান্ত এক মামলায় পশ্চিমবঙ্গ সরকারের জবাব চেয়ে নোটিস ইস্যুর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। ২০২৫-২৬ সালে রাজ্যের জারি করা ওবিসি শংসাপত্রকে বাতিল করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে আবেদন জমা পড়েছে। বৃহস্পতিবার বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে ছিল শুনানি। আবেদনকারীরা ওবিসি শংসাপত্র কাজে লাগিয়ে পশ্চিমবঙ্গের পুলিশ কনস্টেবলের চাকরির প্রক্রিয়ায় অংশ নিয়েছিলেন। কলকাতা হাইকোর্ট ওবিসি শংসাপত্র বাতিল করার নির্দেশ দেওয়ায় সমস্যা তৈরি হয়েছে বলেই আবেদনকারীর আইনজীবী জানান। তখনই বিচারপতির বেঞ্চ রাজ্য সরকারের বক্তব্য জানতে চেয়ে নোটিস ইস্যু করেছে। জানিয়ে দিয়েছে, রাজ্য সরকারের নিয়োগ প্রক্রিয়া থামিয়ে রাখা যায় না। তাই নিয়োগ চলবে। তবে সুপ্রিম কোর্টে এই মামলার রায়ের ওপর পুলিশের ওই চাকরির বিষয়টি নির্ভর করবে। ২৩ নভেম্বর পরবর্তী শুনানি।



