Bartaman Logo
১৮ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

স্বামীর খোঁজে বেরিয়ে গলির ভিতর নার্সের রহস্যমৃত্যু! মহেশতলায় চাঞ্চল্য

বাড়ি থেকে কিছুটা দূরে নর্দমার ধারে কাদার মধ্যে থেকে উদ্ধার হল এক নার্সের দেহ। রবিবার ভোর রাতে ঘটনাটি ঘটেছে মহেশতলা পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ জবতলা এলাকায়। মৃতার নাম শিল্পী বিবি (৩৮)।

স্বামীর খোঁজে  বেরিয়ে গলির ভিতর নার্সের রহস্যমৃত্যু! মহেশতলায় চাঞ্চল্য
  • ৭ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বজবজ: বাড়ি থেকে কিছুটা দূরে নর্দমার ধারে কাদার মধ্যে থেকে উদ্ধার হল এক নার্সের দেহ। রবিবার ভোর রাতে ঘটনাটি ঘটেছে মহেশতলা পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ জবতলা এলাকায়। মৃতার নাম শিল্পী বিবি (৩৮)। তাঁর পাশেই পড়েছিল মোবাইল ফোন ও ব্যাগ। পরনের পোশাক অক্ষত থাকলেও পায়ে ছিল একপাটি জুতো। শরীরের কোথাও আঘাতের চিহ্ন মেলেনি বলে পুলিস জানিয়েছে। মৃতার স্বামীর অভিযোগ, স্ত্রীকে খুন করা হয়েছে। পুলিস মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ওই রিপোর্ট পাওয়ার পরই খুন নাকি আত্মহত্যা, তা স্পষ্ট হবে বলে জানিয়েছেন ডায়মন্ডহারবার পুলিস জেলার এক আধিকারিক। তবে দেহটি যে অবস্থায় উদ্ধার হয়েছে, তাতে আত্মহত্যার সম্ভাবনা কম বলেই মনে করা হচ্ছে।

Advertisement

জানা গিয়েছে, ওই নার্সের স্বামী ও দুই সন্তান রয়েছে। শনিবার রাতে শিল্পীর স্বামী বাটা মোড়ে মহরমের লাঠিখেলা দেখতে গিয়েছিলেন। রাত হয়ে গেলেও স্বামী না ফেরায় চিন্তায় পড়েন স্ত্রী। রাত ২টো নাগাদ তিনি বেরিয়ে স্বামীকে খুঁজতে যান। এদিকে, রাত আড়াইটে নাগাদ বাড়ি ফেরার পথে স্বামীকে পাড়ার লোকজন ফোন করে জানান, তাঁর স্ত্রী গলির ধারে নর্দমার পাশে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন। এরপর তড়িঘড়ি তিনি ফিরে এসে স্ত্রীকে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। যে বাড়ির সামনে ওই নার্সের দেহ পাওয়া গিয়েছে, তার মালিককে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করেছে পুলিস। সন্দেহের তালিকায় একাধিক ব্যক্তিকে রাখা হয়েছে বলে তদন্তকারীরা জানিয়েছেন। পুরনো কোনও সম্পর্কের টানাপোড়েনের জেরে তিনি খুন হয়েছেন কি না, সে দিকটিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এই ঘটনাকে ঘিরে রহস্য তৈরি হয়েছে। ওই মহিলার সঙ্গে কারও শত্রুতা ছিল কি না, তা জানার চেষ্টা চলছে। মৃতার দিদি রাবিয়া খাতুন মহেশতলা থানায় খুনের অভিযোগ দায়ের করেছেন। স্থানীয় কাউন্সিলার তথা মহেশতলা পুরসভার সিআইসি সদস্য বাবলু সর্দার বলেন, শিল্পী বিবি একটি স্বেচ্ছাসেবী সংস্থায় কাজ করতেন। সেকারণে তাঁর পরিচিতি ছিল। কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা স্পষ্ট নয়।  ফাইল চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ