Bartaman Logo
১৬ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

বারুইপুরে বিজেপির পরাজিত প্রার্থীর বিরুদ্ধে বহু অভিযোগ, বহিষ্কারের দাবি

বারুইপুরে বিজেপির প্রার্থী বিশ্বজিৎ পালের বিরুদ্ধে ৩০টি অভিযোগ জমা পড়েছে। দলের অন্দরেই উত্তেজনা, কী বলছেন নেতারা? বিস্তারিত পড়ুন।

বারুইপুরে বিজেপির পরাজিত প্রার্থীর বিরুদ্ধে  বহু অভিযোগ, বহিষ্কারের দাবি
  • ১৬ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বারুইপুর: বিজেপির গোষ্ঠী কোন্দল আবার প্রকাশ্যে এল। গত বিধানসভা নির্বাচনে বারুইপুর পশ্চিম কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা যাদবপুর সাংগঠনিক জেলা বিজেপির সম্পাদক বিশ্বজিৎ পালকে বহিষ্কারের দাবি জানিয়ে বারুইপুরে বিজেপির জেলা কার্যালয়ের গেটে পোস্টার সাঁটিয়ে বিক্ষোভ দেখাল বিজেপির কর্মীরা। ঘটনাকে কেন্দ্র করে বুধবার উত্তেজনা ছড়ায়।

Advertisement

বিক্ষোভকারীদের অভিযোগ, বিশ্বজিৎ পালের নামে অভিযোগ জানিয়ে ৩০টি চিঠি যাদবপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি মনোরঞ্জন জোয়ারদারকে দেওয়া হলেও তিনি কোনো পদক্ষেপ নেননি। এই ব্যাপারে জেলা সভাপতি মনোরঞ্জন জোয়ারদার বলেন, অভিযোগ পেয়েছি। খতিয়ে দেখা হবে। বিশ্বজিৎ বলেন, যাঁরা বিক্ষোভ করেছেন তাঁদের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। এরা বিজেপির কেউ নয়। আমি দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই বিষয়ে জানিয়েছি।
রাজ্যে পালাবদলের পর দলের অন্দরে বিক্ষোভের জেরে অস্বস্তিতে পড়তে হয়েছে বিজেপির নেতৃত্বকে। এদিনের বিক্ষোভে বিজেপির অনেক মহিলা কর্মীও হাজির ছিলেন। বারুইপুরের শিখরবালি ২ নম্বর পঞ্চায়েত ও কল্যাণপুর পঞ্চায়েত থেকে তাঁরা এসেছিলেন। বিক্ষোভকারীরা বলেন, তৃণমূলের তোলাবাজদের সঙ্গে জোট বেঁধে তোলাবাজি করছে বিশ্বজিৎ পাল। পুরানো কর্মীদের বসিয়ে রাখা হয়েছে। নির্বাচনে হারার পরেও এলাকায় এলাকায় গিয়ে তোলাবাজি করছে ওই নেতা। অবিলম্বে তাঁকে বহিষ্কার করতে হবে। না হলে যেখানে বিশ্বজিৎ পালকে দেখা যাবে, সেখানে আটকানো হবে। বিক্ষোভকারী পার্থসারথি নস্কর বলেন, মাটি মাফিয়াদের নিয়ে ঘুরছেন বিশ্বজিৎ। তাঁদের দিয়ে বিজেপির কর্মীদের উপর অত্যাচার করা হচ্ছে। বিশ্বজিৎ পালের নেতৃত্বে গ্রামে বাড়ি বাড়ি গিয়ে টাকা চাওয়া হচ্ছে। টাকা না দিলে কর্মীদের মারা হচ্ছে। জেলা সভাপতিকে অভিযোগ জানানো হয়েছে। কিন্তু কোনো কাজ হয়নি। মহিলা কর্মী চন্দ্রা গায়েন বলেন, তোলাবাজদের নিয়ে এলাকায় ঘুরে ভয় দেখাচ্ছেন ওই নেতা। ওঁকে বহিষ্কার না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ