Bartaman Logo
৩ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বেলপাহাড়ী, আমলাশোলে বেড়েছে হোম স্টের সংখ্যা

বেলপাহাড়ী, আমলাশোলে বেড়েছে হোম স্টের সংখ্যা
  • ১৪ মে, ২০২৫ ০৪:০০

সংবাদদাতা, ঝাড়গ্রাম: ঝাড়গ্রামের সীমান্তবর্তী বেলপাহাড়ীতে বেড়েছে হোম স্টের সংখ্যা। প্রত্যন্ত আমলাশোলে নতুন ৪টি হোম স্টে তৈরি হয়েছে। এখন এই এলাকায় মোট ১১টি হোম স্টে চালু রয়েছে । হোম স্টেগুলিতে কর্মসংস্থান হয়েছে স্থানীয় যুবকদের। আমলাশোলে আরও কয়েকটি হোম স্টে হবে বলে ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে। এই নিয়ে বিনপুর ২ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ সিং সর্দার বলেন, আমলাশোলে এগারোটি মতো হোম স্টে চলছে। আরও কিছু হোম স্টে তৈরি হবে। এলাকার যুবকরা কাজ পাচ্ছেন। তাঁরা মাসিক একটা রোজগারের উপায় খুঁজে পেয়েছেন। তাঁদের আর ভিন রাজ্যে কাজ করতে যেতে হচ্ছে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রামের প্রশাসনিক সভায় এসে একাধিক বার ঝাড়গ্রামের পর্যটন শিল্পের উন্নতির কথা বলেছেন। সেইমতো ঝাড়গ্রামে পর্যটন শিল্পে আগের থেকে অনেক উন্নতি হয়েছে। এখন প্রায় সারা বছরই পর্যটকের ভিড় লেগেই থাকে। পাহাড় ও সবুজ জঙ্গলের টানে বেলপাহাড়ীতে পর্যটকের ভিড় বেশি হয়। কলকাতার কিছু হোটেল ব্যবসায়ী এলাকায় জায়গা লিজ নিয়ে বা কিনে কয়েকটি হোম স্টে তৈরি করেছেন। এর আগে সেগুলির মালিকরা কলকাতা থেকে কর্মচারী নিয়ে আসতেন। কিন্তু তাদের মাসিক বেতন অনেক বেশি দিতে হতো। সম্প্রতি স্থানীয় যুবকদের তাঁরা কাজে লাগাচ্ছেন। এতে বেতন কিছুটা কম দিলেও চলছে। এক একটি হোম স্টেতে কম করে তিন থেকে চারজন কাজের সুযোগ পাচ্ছেন। ঘরের কাছেই কাজ পেয়ে খুশি তাঁরা। এই নিয়ে এলাকার এক ভুসিমাল ব্যবসায়ী বলেন, আগে হোম স্টেগুলির ওনার্সরা কলকাতা থেকে কাজের লোক নিয়ে আসতেন। তারা মাসিক ১৪ থেকে ১৫ হাজার টাকা বেতন নিতেন। এখন এলাকারই কমপক্ষে তিন-চারজন করে এক একটি হোম স্টেতে কাজ পাচ্ছে। আমলাশোলের ১১টি হোম স্টেতে কমপক্ষে ৪০ জনের উপরে যুবক কাজ পেয়েছে। আগে বিভিন্ন সিজিনে পর্যটকদের ভিড় হতো। এখন আমাদের এলাকায় সারা বছরই ভিড় থাকছে। এলাকার সব্জি, মাংস, ভূষিমাল দোকান সমস্ত ব্যবসাতেই রোজগার বেড়েছে। অথচ এই আমলাশোলেই বাম আমলে খেতে না পেয়ে মৃত্যু হয়েছে। এখন পর্যটন শিল্পের উন্নতির সঙ্গে সঙ্গে গ্রামেরও উন্নতি ঘটেছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ