Bartaman Logo
৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

পশ্চিম মেদিনীপুরে হাতির সংখ্যা ১৫০টি, আতঙ্ক

পশ্চিম মেদিনীপুর জেলায় জঙ্গল লাগোয়া গ্রামে ফের হাতির আতঙ্ক ছড়িয়েছে।

পশ্চিম মেদিনীপুরে হাতির সংখ্যা ১৫০টি, আতঙ্ক
  • ৬ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলায় জঙ্গল লাগোয়া গ্রামে ফের হাতির আতঙ্ক ছড়িয়েছে। শনিবার সকালে জেলার রূপনারায়ণ ও মেদিনীপুর বনদপ্তরের ডিভিশনে ১৫০টি হাতি রয়েছে। বনদপ্তর ইতিমধ্যে বিভিন্ন গ্রামের মানুষকে সতর্ক করেছে। রাত হলেই খাবারের সন্ধানে হাতির দল বেরিয়ে আসায় ফসলের ক্ষতির আশঙ্কায় চাষিদের ঘুম উবেছে।

Advertisement

বনদপ্তরের হিসাব অনুযায়ী, রূপনারায়ণ ডিভিশনে ৪৫টি হাতি রয়েছে। তার মধ্যে গোয়ালতোড় রেঞ্জের টেশাবাঁধ এলাকায় ২৩টি এবং বাঁশবেড় এলাকায় ১৮টি হাতি আছে। এছাড়া, হুমগড় রেঞ্জের হদহদি ও টাঙ্গাশোল এলাকায় দু’টি করে হাতি রয়েছে। মেদিনীপুর ডিভিশনে হাতির সংখ্যা ১১৯। হিসাব অনুযায়ী, চাঁদড়া রেঞ্জের কাদামালমা ও গাররায় দু’টি করে, চাউলপুরায় ১০-১১টি, সুকনাখালিতে একটি ও আমাঝরনায় একটি হাতি রয়েছে। নয়াবসত রেঞ্জের মৌলডাঙা ও বাগাখুলিয়ায় একটি করে হাতি আছে। এই জেলায় কয়েকহাজার হেক্টর জমিতে ধান, আলু সহ নানা ফসল চাষ হয়। হাতির পাল জঙ্গল ছেড়ে মাঠে ঢুকে পড়লে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা থাকে। কাঠ, মধু সহ বনজ দ্রব্য সংগ্রহের জন্য যাঁরা জঙ্গলে যাতায়াত করেন, তাঁরাও আতঙ্কে রয়েছেন। চাঁদড়ার বাসিন্দা শ্যামল দত্ত ও প্রতাপ দাস বলেন, প্রতিবার হাতির পাল এলেই সতর্কবার্তা দেওয়া হয়। হাতির দলের লোকালয়ে আসা বন্ধে স্থায়ী ব্যবস্থা নেওয়া দরকার। বনদপ্তরের তরফে জঙ্গলে না যাওয়া ও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। জঙ্গলে আগুন লাগানো ও বন্যপ্রাণী শিকার থেকে বিরত থাকার কথা জানিয়েছে বনদপ্তর।

Advertisement
সম্পর্কিত সংবাদ