ম্যাঞ্চেস্টার: ম্যাঞ্চেস্টার ডার্বিতে শেষ মুহূর্তে টেক্কা দিল ম্যান ইউ। রবিবার অ্যাওয়ে ম্যাচে ইতিহাদ স্টেডিয়ামে নীল ম্যাঞ্চেস্টারকে নাটকীয়ভাবে ২-১ ব্যবধানে হারাল লাল ম্যাঞ্চেস্টার। ৩৬ মিনিটে ম্যান সিটি’কে এগিয়ে দিয়েছিলেন জোসকো জিভারদিওল। মনে হচ্ছিল এই গোলের সুবাদেই শেষ হাসি হাসবে পেপ গুয়ার্দিওলার দল। কিন্তু ওস্তাদের মার শেষ রাতের মতো ম্যাচের অন্তিম লগ্নে লড়াইয়ে ফেরে আমোরিমের ব্রিগেড। ৮৮ মিনিটে পেনাল্টি থেকে সমতা ফেরান ব্রুনো ফার্নান্ডেজ (১-১)। আর ৯০ মিনিটে আমাদ ডিয়ালো করেন জয়সূচক গোল (২-১)। সব প্রতিযোগিতা মিলিয়ে গত ১০ ম্যাচে মাত্র একটিতেই জিতেছিল ম্যান সিটি। প্রবল সমালোচনায় ক্ষত-বিক্ষত হতে হচ্ছিল পেপকে। কোচিং কেরিয়ারে এমন দুঃসময় কখনও আসেনি তাঁর। কিন্তু অভিশাপ কাটল না এদিনও। পেপের চোখের সামনে দিয়ে জয় ছিনিয়ে নিয়ে গেল ম্যান ইউ। ১৬ ম্যাচে ম্যান সিটির পয়েন্ট থাকল ২৭। পঞ্চম স্থানে রয়েছে তারা। শীর্ষে থাকা লিভারপুলের (১৫ ম্যাচে ৩৬) অনেকটাই পিছিয়ে ম্যান সিটি। ম্যান ইউ উঠে এল দ্বাদশ স্থানে (২২ পয়েন্ট)।
Advertisement
এদিকে, লা লিগায় বার্সেলোনাকে ছাপিয়ে লিগ টেবিলে শীর্ষে ওঠার হাতছানি ছিল রিয়াল মাদ্রিদের সামনে। কিন্তু রায়ো ভায়াকানোর কাছে অ্যাওয়ে ম্যাচে আটকে সেই সুযোগ নষ্ট করল কার্লো আনসেলোত্তির দল। ম্যাচের ফল ৩-৩। একসময় অবশ্য দু’গোলে পিছিয়ে পড়েছিল রিয়াল। সেখান থেকে ম্যাচ ড্র করে তারা। তাদের তিন গোলদাতা ফেডরিকো ভালভার্দে, জুড বেলিংহ্যাম ও রডরিগো। রায়ো ভায়াকানোর হয়ে স্কোরশিটে নাম তুলেছেন যথাক্রমে উনাই লোপেজ, আব্দুল মুনিম এবং ইসি পালাজন। ৭৫ মিনিটে আব্দুল মুমিনের সঙ্গে সংঘর্ষে প্রতিপক্ষের বক্সে ভিনিসিয়াস জুনিয়র পড়ে গেলে পেনাল্টির আবেদন করে রিয়াল। রেফারি কর্ণপাত করেননি। এমনকী ভারের সাহায্যও নেননি তিনি। পুরো বিষয়টিতে রীতিমতো অসন্তুষ্ট রিয়াল শিবির। দ্বিতীয় স্থানেই রয়েছে রিয়াল মাদ্রিদ (৩৭ পয়েন্ট)।



