


সংবাদদাতা, বালুরঘাট: অভিনেতা তথা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীকে সিনেমার জন্য ১৫ লক্ষ টাকা দিয়েছিলেন বালুরঘাটের এক চিত্র প্রযোজক। অভিযোগ, টাকা নিয়েও সিনেমা করেননি অভিনেতা। এমনকি টাকাও ফেরত দেননি। নিরুপায় হয়ে অবশেষে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন সিনেমার প্রযোজক তরুণ দাস। এবিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের এক আধিকারিক বলেন, ওই ঘটনায় একটি মামলা হয়েছে। তদন্ত চলছে।
পেশায় ব্যবসায়ী হলেও সিনেমা তৈরির শখ বরাবর রয়েছে বালুরঘাটের বাসিন্দা তরুণের। আগে বেশ কয়েকটি সিনেমাও তৈরি করেন তিনি। ২০১৮ সালে একটি সিনেমা তৈরির জন্য টলিউডের অভিনেতা সোহম চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করেন তরুণ। ওই সিনেমার পরিচালক ছিলেন মহুয়া চক্রবর্তী। সোহমের দাবি মতো চেকের মাধ্যমে প্রথম দফায় ১৫ লক্ষ টাকা দিয়েছিলেন সিনেমার প্রযোজক। অভিযোগ, টালবাহানা করে সোহম অভিনয় করেননি। পরে ১৫ লক্ষ টাকা ফেরত চান সিনেমার প্রযোজক।
গত ১৯ মে কলকাতায় গিয়ে টাকা ফেরত চান প্রযোজক। কিন্তু অভিনেতা সোহমের ম্যানেজার তাঁকে রীতিমতো অপমান করেন। প্রযোজক তরুণ দাসের কথায়, একাধিকবার অনুরোধ করলেও সিনেমা করেননি সোহম। পরবর্তীতে টালবাহানা করেছেন। এখন আমার কাছে সিনেমা করার মতো টাকা নেই। তাই টাকা ফেরত চেয়েছিলাম। অনুরোধ করেও সেই টাকা পাইনি। উলটে আমাকে হুমকি দেওয়া হচ্ছে। এই বিষয়ে প্রতিক্রিয়া জানতে সোহমকে ফোন করা হলে, তিনি ফোন ধরেননি। মেসেজেরও উত্তর দেননি।