নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: অনলাইনে বুকিং করতে না পারলে অফলাইনেও যাতে গ্যাস বুকিং করতে পারেন গ্রাহকরা, সেদিকে জোর দিতে হবে ডিলারদের। একথা জানিয়ে করতে হবে প্রচার। রান্নার গ্যাসের সংকট মোকাবিলায় এক বৈঠক থেকে এমনই বার্তা দেওয়া হল দক্ষিণ ২৪ পরগনার ডিলার থেকে শুরু করে সব মহলকে। প্রশাসনের দাবি, ফোন বা অনলাইনে অনেকেই বুকিং করতে গিয়ে সমস্যায় পড়ছেন। সিলিন্ডার বুকিং না হওয়ায় আরও আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছেন। এই অবস্থায় বিকল্প উপায়ে ডিলারের অফিস বা কাউন্টারে গিয়ে যাতে সাধারণ মানুষ গ্যাসের সিলিন্ডার বুক করতে পারেন, তার জন্য প্রচারের পরামর্শ দিয়েছেন আধিকারিকরা। বৈঠক সূত্রে খবর, আর কী কী ভাবে বুকিং করা যায়, সে ব্যাপারেও ডিলার ও সংশ্লিষ্ট এজেন্সিকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও কেউ যাতে অতিরিক্ত সিলিন্ডার মজুত করে না রাখে, সেদিকে পুলিশ প্রশাসনকে নজর দিতে বলা হয়েছে। নিয়মিত স্টক পরীক্ষা করবেন বিভিন্ন পুলিশ জেলার কর্তারা। তবে এই মুহূর্তে জেলায় সিলিন্ডারের পর্যাপ্ত স্টক রয়েছে বলেই দাবি আধিকারিকদের। অতীতের তুলনায় চাহিদা বেড়েছে ঠিকই, কিন্তু হাহাকার পড়ে যাওয়ার মতো পরিস্থিতি নেই বলেই জানিয়েছেন তাঁরা।



