Bartaman Logo
৭ জুলাই, ২০২৬

এবার বিহার, এসআইআরে নাম বাদে বাতিল ব্যাংকের পাসবুকও

বিশেষ নিবিড় সংশোধনীতে (এসআইআর) বাদ যাওয়া ভোটাররা আর সরকারের জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা পাবেন না। পশ্চিমবঙ্গের পর এবার একই ঘোষণা করল বিহার সরকার।

এবার বিহার, এসআইআরে নাম বাদে বাতিল ব্যাংকের পাসবুকও
  • ১৪ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

পাটনা: বিশেষ নিবিড় সংশোধনীতে (এসআইআর) বাদ যাওয়া ভোটাররা আর সরকারের জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা পাবেন না। পশ্চিমবঙ্গের পর এবার একই ঘোষণা করল বিহার সরকার। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বুধবার বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী বলেন, ‘এসআইআরে নাম বাদ পড়লে রেশন বা অন্য কোনো সরকারি প্রকল্পের সুযোগ পাওয়া যাবে না।’ এখানেই থামেননি সম্রাট। তিনি সাফ জানিয়েছেন, ভোটার তালিকায় নাম না থাকলে ব্যাংকের পাসবুক বাতিল করা হবে। খুব শীঘ্র এই প্রক্রিয়া শুরু হবে। তবে এই সংক্রান্ত নির্দেশিকা পাশ করা হয়েছে কি না, তা খোলসা করেননি বিহারের মুখ্যমন্ত্রী। 

Advertisement

অথচ ১২ রাজ্যে এসআইআর প্রক্রিয়া চলাকালীন বিতর্কের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়, কেবল তালিকায় নাম না থাকার কারণে কেউ নাগরিকত্ব খোয়াবেন না। অথচ কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে নাগরিকদের সরকারি সুযোগসুবিধা প্রদানের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। উল্লেখ্য, পশ্চিমবঙ্গের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পল মঙ্গলবার জানিয়েছিলেন, লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা প্রাপকদের প্রত্যেকেই বিজেপি সরকারের ফ্ল্যাগশিপ অন্নপূর্ণা প্রকল্পের সুবিধা পাবেন। ১ জুন থেকে এই প্রকল্প চালু হবে। তবে প্রকল্প চালুর আগে বিশেষ যাচাই করা হবে। যাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে, তাঁরা প্রকল্পের সুবিধা পাচ্ছেন কি না, খতিয়ে দেখা হবে। এর একদিন পরে একই ধরণের কথা বললেন বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট। 

Advertisement
সম্পর্কিত সংবাদ