চণ্ডীগড়, ২৭ সেপ্টম্বর: পুলিশ হেফাজত থেকে পালিয়েও শেষরক্ষা হল না! পা়ঞ্জাবে এএসআইকে গুলি করে জখম করার মামলায় এনাকাউন্টারে খতম মূল অভিযুক্ত গ্যাংস্টার করণবীর সিং ওরফে নন্দি। শনিবার অমৃতসর জেলার ঝান্ডের এলাকায় তল্লাশি অভিযানের সময় পুলিশকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। পালটা গুলিতে গুরুতর জখম হয়ে হাসপাতালে মৃত্যু হয় ওই কুখ্যাত গ্যাংস্টারের।
গত ১১ সেপ্টেম্বর অমৃতসর কমিশনারেটের অধীনে কর্মরত এএসআই যশবন্ত সিংয়ের উপর হামলা চালানো হয়। গুলিবিদ্ধ হয়ে গুরুতর জখম হন তিনি। ঘটনার পর গ্রামীণ পুলিশের এসএসপি কমলপ্রীত সিং চাহালের নেতৃত্বে বিশেষ দল গঠন করে তদন্ত শুরু হয়। তদন্তে করণবীর সিং ওরফে নন্দি এবং গুরপ্রীত সিং ওরফে গোপিকে এই হামলার মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত করে পুলিশ। ঘটনার পর দু’জনেই লুধিয়ানায় পালিয়ে যায়। পরে মোগার নিহাল সিং ওয়ালা এলাকায় বুটা সিং নামে এক ব্যক্তির বাড়িতে আশ্রয় নেয় বলে জানতে পারে পুলিশ। অভিযুক্তদের আশ্রয় দেওয়ার অভিযোগে লুধিয়ানা ও মোগা থেকে ইতিমধ্যেই মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। গত ১৯ সেপ্টেম্বর অস্ত্র উদ্ধারের জন্য করণবীর নন্দিকে মাজিথা এলাকায় নিয়ে যাচ্ছিল পুলিশ। সেই সময় পুলিশের হেফাজত থেকে পালিয়ে যায় সে। এরপর থেকেই তাকে ধরতে বিশেষ পুলিশ দল বিভিন্ন এলাকায় তল্লাশি চালাচ্ছিল।
শনিবার সকালে ঝান্ডের এলাকায় করণবীরের উপস্থিতির খবর পেয়ে স্থানীয় পুলিশ ও সিআইএর যৌথ দল অভিযান চালায়। পুলিশ একটি সন্দেহজনক মোটরসাইকেল আরোহীকে থামার সংকেত দিলে সে পালানোর চেষ্টা করে। বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায়। এরপরই ওই ব্যক্তি পুলিশকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে বলে দাবি পুলিশের। পুলিশের দাবি, আত্মসমর্পণের জন্য একাধিকবার সতর্ক করা হয় করণবীরকে। কিন্তু তাতেও গুলি চালানো বন্ধ করেনি সে। তার ছোড়া একটি গুলি এক পুলিশকর্মীর বুকে লাগে। তবে তিনি বুলেটপ্রুফ জ্যাকেট পরে থাকায় প্রাণে বেঁচে যান। আরও এক পুলিশকর্মী পায়ে গুলিবিদ্ধ হন। এরপর আত্মরক্ষার্থে পালটা গুলি চালায় পুলিশ। গুলিতে করণবীরের বুক ও পায়ে গুলি লাগে। আহত অবস্থায় তাকে দ্রুত সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। আহত পুলিশকর্মীর চিকিৎসা চলছে। ঘটনাস্থাল থেকে ৩০টি আগ্নেয়াস্ত্র ও একটি বাইক উদ্ধার করেছে পুলিশ।