Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

রাজ্য কর্মীদের ডিএ বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি, সুপ্রিম কোর্টে মামলার শুনানি ২২ এপ্রিল

রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত পেনশন প্রাপকদের এপ্রিল মাস থেকে ৪ শতাংশ বর্ধিত হারে মহার্ঘ ভাতা (ডিএ) দিতে মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করল অর্থদপ্তর।

রাজ্য কর্মীদের ডিএ বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি, সুপ্রিম কোর্টে মামলার শুনানি ২২ এপ্রিল
  • ২৬ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা ও নয়াদিল্লি: রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত পেনশন প্রাপকদের এপ্রিল মাস থেকে ৪ শতাংশ বর্ধিত হারে মহার্ঘ ভাতা (ডিএ) দিতে মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করল অর্থদপ্তর। এতে জানানো হয়েছে, সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অশিক্ষক কর্মী, সরকারি সংস্থা, পুরসভা-পঞ্চায়েতের মতো স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থার কর্মীদেরও ৪ শতাংশ ডিএ বাড়বে। এপ্রিল থেকে ডিএ ১৪ শতাংশের জায়গায় বেড়ে ১৮ শতাংশ হবে। গত ১২ ফেব্রুয়ারি বিধানসভায় পেশ করা বাজেট প্রস্তাবে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ৪ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণাটি করেন। সেটি কার্যকর করতে বিজ্ঞপ্তি জারি করল অর্থদপ্তর।

Advertisement

অন্যদিকে, মঙ্গলবারই সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মীদের কেন্দ্রীয় হারে ডিএ প্রদান সংক্রান্ত মামলাটি শুনানির জন্য ওঠে। মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ২২ এপ্রিল। বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে ডিএ মামলাটির এদিন খুবই সংক্ষিপ্ত শুনানি হয়। 
রাজ্য সরকারের আইনজীবী অভিষেক মনু সিংভি বলেন, রাজ্য সরকারের কর্মীদের কেন্দ্রীয় হারে ডিএ চাওয়ার অধিকার নেই। রাজ্য সরকার ডিএ যে একেবারে দিচ্ছে না তা নয়। কেন্দ্রীয় হারে ডিএ দিতে গেলে রাজ্য সরকারের উপর ৪০ হাজার কোটি টাকার অতিরিক্ত বোঝা চাপবে বলে তিনি উল্লেখ করেন। 
সরকারি কর্মী সংগঠনের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য ও করুণা নন্দী রাজ্য সরকারের আইনজীবীর বক্তব্যের বিরোধিতা করেন। বিচারপতিরা এরপর জানিয়ে দেন, পরবর্তী শুনানির দিন তাঁরা মামলাটি বিস্তারিতভাবে শুনবেন। ওইদিন তালিকার উপরের দিকে ডিএ মামলাটি রাখতে নির্দেশ দেন বিচারপতিরা। 
ঘোষণা অনুযায়ী কর্মীদের বর্ধিত হারে ডিএ প্রদানের জন্য রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করলেও কেন্দ্রীয় কর্মীদের ডিএ বৃদ্ধি এখনও হয়নি। সাধারণত বছরে দু’বার কেন্দ্রীয় সরকার তার কর্মী ও পেনশনপ্রাপকদের বর্ধিত ডিএ ঘোষণা করে। জানুয়ারি মাস থেকে যে বর্ধিত ডিএ দেওয়া হয় তা মার্চ মাসে দোলের আগে ঘোষণা করা হয়। কেন্দ্রীয় কর্মীরা মার্চ মাসের বেতনের সঙ্গে দু’মাসের বকেয়াসহ বর্ধিত ডিএ পান। কিন্তু এবার কেন্দ্র কেন এখনও বর্ধিত হারে ডিএ ঘোষণা করেনি তা নিয়ে কর্মীমহলে প্রশ্ন উঠেছে। রাজ্য কর্মীদের মার্চ মাসের বেতন ও অবসরপ্রাপ্তদের পেনশন এপ্রিল মাসের শুরুতে দেওয়া হয়। এপ্রিলের বেতন ফের মাসের শেষে যথারীতি দেওয়া হয়। এপ্রিলের শেষে প্রাপ্ত বেতন ও পেনশনে ১৮ শতাংশ হারে ডিএ মিলবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ