নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য সরকারের হেলথ স্কিমের (ডব্লুবিএইচএস) সুবিধা প্রাপকরা (পরিবারসহ) স্বাস্থ্যসাথী বা আয়ুষ্মান ভারত প্রকল্পের সুযোগ পেয়ে থাকলে তা ছেড়ে দিতে হবে। রাজ্য অর্থদপ্তরের মেডিকেল সেল এ ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করেছে। রাজ্য সরকারের কর্মী-আধিকারিক ও অবসরপ্রাপ্ত পেনশন প্রাপকরা সপরিবারে রাজ্য স্বাস্থ্য প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য নথিভুক্ত হতে পারেন। এই প্রকল্পে নথিভুক্ত হাসপাতাল, নার্সিংহোম, ক্লিনিকে আউটডোর ও ইন্ডোর বিভাগে চিকিৎসার সুযোগ মেলে। এতে ক্যাশলেস চিকিৎসার সীমা বাড়িয়ে সম্প্রতি ৫ লক্ষ টাকা করা হয়েছে। তার থেকেও বেশি খরচ হলে বিল পেশ করলে টাকা পাওয়া যায়। রাজ্য সরকার চাইছে, এই প্রকল্পের আওতায় যাঁরা আছেন, তাঁরা যেন আবার স্বাস্থ্যসাথী বা আয়ুষ্মান ভারতের সুযোগ না নেন। কেউ দু’জায়গায় নাম নথিভুক্ত করলে ৩১ অক্টোবরের মধ্যে স্বাস্থ্যসাথী-আয়ুষ্মান ভারত থেকে নাম তুলে নিতে হবে। নির্দিষ্ট প্রোফর্মায় ঘোষণাপত্র ও নাম তোলার প্রমাণ্য নথি জমা দিতে বলা হয়েছে। এই কাজ না করলে রাজ্য সরকারের স্বাস্থ্য প্রকল্পের সুযোগ বন্ধ করা হবে। দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের বিষয়টির উপর নজর রেখে ব্যবস্থা নিতে বলা হয়েছে।



