Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

নিখুঁত নয়, সেরা হওয়ার চেষ্টা করি

নেটফ্লিক্স-এ মুক্তি পেতে চলেছে ডার্ক কমেডি ঘরানার ছবি ‘মা বহেন’। সুরেশ ত্রিবেণী পরিচালিত এই ছবিতে এক শক্তিশালী চরিত্রে মাধুরী দীক্ষিত। এক আলাপচারিতায় কিছু কথা ভাগ করে নিলেন অভিনেত্রী।

নিখুঁত নয়, সেরা হওয়ার চেষ্টা করি
  • ১ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নেটফ্লিক্স-এ মুক্তি পেতে চলেছে ডার্ক কমেডি ঘরানার ছবি ‘মা বহেন’। সুরেশ ত্রিবেণী পরিচালিত এই ছবিতে এক শক্তিশালী চরিত্রে মাধুরী দীক্ষিত। এক আলাপচারিতায় কিছু কথা ভাগ করে নিলেন অভিনেত্রী। 

Advertisement

ছবির নাম শুনে আপনার প্রথম প্রতিক্রিয়া কী ছিল?
সুরেশের কাছে ছবির নামটা প্রথম শুনে আমি ভেবেছিলাম উনি মজা করছেন। আমি হেসে ফেলেছিলাম। কিন্তু উনি আমার দিকে তাকিয়েই রইলেন। তখন আমি আবার জিজ্ঞেস করলাম, সত্যিই কি ছবির নাম এটা? পরে যখন গল্প শুনলাম, তখন মনে হল এই নামটিই ছবির জন্য সবচেয়ে উপযুক্ত।
এই ছবিতে অভিনয়ের জন্য আপনাকে সবচেয়ে বেশি কোন দিকটা আকৃষ্ট করেছিল?
প্রথমত, এটি একটি চ্যালেঞ্জিং চরিত্র। দ্বিতীয়ত, সাধারণত নারীদের আদর্শ স্ত্রী বা আদর্শ মানুষ হিসেবে দেখানো হয়। কিন্তু এই ছবির চরিত্রটি খুবই বাস্তব। সে বিশৃঙ্খল, স্বাধীনচেতা, আধুনিক। সে নিখুঁত নয়, বরং অপূর্ণ। আমার মনে হয়, এই অপূর্ণতাই একজন মানুষের শক্তি। এই চরিত্রটিও তেমনই। 
আপনারও কোনো অপূর্ণতা আছে?
পৃথিবীতে কেউ সবসময় নিখুঁত হতে পারে না। আমরা সবসময় সেই লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করি। তবে আমি সবসময় সেরা হওয়ার চেষ্টা করি, নিখুঁত হওয়ার নয়।
একজন অভিনেত্রী হিসেবে সেই লক্ষ্য অর্জনের জন্য কি কখনো নিজের স্বাচ্ছন্দ্যের সীমা অতিক্রম করতে হয়েছে?
আমি নিখুঁত নই, তবে সেই লক্ষ্যেই এগিয়ে চলেছি। সেই যাত্রাটাই আমি উপভোগ করি। নিজেকে আরও ভালো করে তোলার এই চেষ্টাই আমাকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে। 
ওটিটি প্ল্যাটফর্মে কাজ করতে কি বেশি স্বস্তি লাগে? এখানে তো বড়ো পর্দার মতো সবসময় নিখুঁত হওয়ার চাপ থাকে না?
সত্যি বলতে এখানে আমি একটু বেশি স্বস্তি পাই, কারণ ওটিটি-তে বাণিজ্যিক চাপ কম। ১০০ কোটির ব্যবসা বা সুপারহিট হওয়ার চাপ থাকে না। আমরা সেসব নিয়ে ভাবি না। আমরা ভাবি এমন একটি কাজ তৈরি করার কথা, যা অসাধারণ হবে এবং মানুষ উপভোগ করবে।
এই ছবিতে তৃপ্তি দিমরি আপনার মেয়ের চরিত্রে অভিনয় করছেন, এ নিয়ে কি আপনার কোনো দ্বিধা ছিল?
একদমই না। আমি চরিত্রটিকে ভালোবেসেছিলাম। তাই কে কোন চরিত্রে অভিনয় করছেন, সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ ছিল না। পুরো কাস্ট একসঙ্গে কাজ করা এবং প্রত্যেকে ছবিটিকে আরও ভালো করার জন্য উজাড় করে দেওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ওরা দু’জন (তৃপ্তি দিমরি, ধর্না দুর্গা) আমার মেয়ের চরিত্রে অভিনয় করেছে এবং দারুণ কাজ করেছে। আমি এর আগে তৃপ্তির কিছু কাজ দেখেছি। ধর্নার ব্যাপারেও কিছুটা জানতাম, আর ওকে ইনস্টাগ্রামের মাধ্যমে চিনতাম। ওরা দু’জনেই এই চরিত্রগুলো খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলবে, সে বিশ্বাস আমার ছিল। আমি আমার চরিত্রটি ভালোবেসেছিলাম, আর অন্য কিছু আমার কাছে গুরুত্বপূর্ণ ছিল না।

দেবারতি ভট্টাচার্য • মুম্বই

Advertisement
সম্পর্কিত সংবাদ