ঘোড়ায় চড়ে নয়, রীতিমতো টিকিট কেটে  ট্রেনে করে ভক্তের বাড়িতে দুর্গার আগমন, বনগাঁ লোকালে অন্য ছবি!
  • ১৭ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: শাস্ত্রীয় মতে এবার দেবী দুর্গার আগমন ঘোড়ায়, আর গমন নৌকায়। কিন্তু বনগাঁ লোকালে দেখা গেল একেবারে অন্য ছবি! ঘোড়া কিংবা নৌকা নয়, সাধারণ লোকাল ট্রেনের সিটে বসেই যাত্রা করলেন মা দুর্গা। তাও আবার বিনা টিকিটে নয়, নিয়ম মেনে টিকিট কেটেই। এই দৃশ্য দেখে প্রথমে চমকে গেলেন নিত্যযাত্রীরা। পরে প্রশংসায় পঞ্চমুখ হলেন অনেকেই।

Advertisement

শরতের নীল আকাশে পুজোর আগমনি সুর। দিকে দিকে শুরু হয়ে গিয়েছে দেবী দুর্গাকে বরণ করে নেওয়ার প্রস্তুতি। দেবীর আগমন কোন বাহনে, আর গমনই বা কোন বাহনে— তা নিয়ে শাস্ত্রীয় ব্যাখ্যা ও প্রচলিত বিশ্বাসে আলোচনা চলে প্রতি বছরই। তবে সেই চেনা হিসাবের বাইরে গিয়ে বনগাঁ লোকালে দেখা গেল এক অন্যরকম দৃশ্য। কামরার সিটে বসে রয়েছেন স্বয়ং মা দুর্গা! চারপাশে নিত্যযাত্রীদের ভিড়। আর সেই ভিড়ের মধ্যেই ট্রেনে চেপে গন্তব্যের পথে পাড়ি দিচ্ছেন দেবী। এই দৃশ্য দেখে মুহূর্তের জন্য হলেও থমকে গেলেন অনেকেই।
বৃহস্পতিবার সন্ধ্যায় বনগাঁ লোকালের ঘটনা। গোবরডাঙার শিল্পী পার্থ দে’র হাতে তৈরি দেড় ফুটের দুর্গা প্রতিমাকে নিয়ে ৯টা ৩৪ মিনিটের গোবরডাঙা লোকালে চেপে বিশরপাড়ায় বাড়ির উদ্দেশ্যে রওনা দেন সঞ্জয় হালদার। পার্থ তাঁর বন্ধু। বন্ধুর হাতে তৈরি প্রতিমাকেই গত তিন বছর ধরে বাড়িতে এনে পুজো করে আসছেন সঞ্জয়। তবে, প্রতিমাকে বাড়িতে নিয়ে যাওয়ার এই যাত্রাই এবার হয়ে উঠল বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু। সাধারণত লোকাল ট্রেনে যাত্রীদের ভিড়, অফিস যাত্রীদের ব্যস্ততা আর নিত্যদিনের যাতায়াতের ছবি চোখে পড়ে। তারই মাঝে সিটের উপর বসানো ছোট্ট দুর্গা প্রতিমা দেখে প্রথমে অবাক হয়ে যান সহযাত্রীরা। কিন্তু চমকের এখানেই শেষ নয়। প্রতিমাকে সঙ্গে নিয়ে ট্রেনে উঠলেও রেলযাত্রার নিয়ম মেনে টিকিট কাটেন সঞ্জয়। অর্থাৎ, বিনা টিকিটে নয়, যথাযথ টিকিট কেটেই দেবীর এই রেল সফর। বিষয়টি জানার পর অনেক যাত্রীই তাঁর উদ্যোগের প্রশংসা করেন। বন্ধুর তৈরি প্রতিমাকে নিয়ে বাড়িতে পুজো করার আবেগের সঙ্গে নিয়ম মেনে যাত্রা করার এই উদ্যোগও নজর কেড়েছে। ব্যস্ত লোকাল ট্রেনের কামরায় এমন দৃশ্য যে সচরাচর দেখা যায় না, তা বলাই বাহুল্য। যাত্রীদের কাছে তাই এই সফর শুধু এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার ঘটনা নয়, বরং পুজোর মরশুমে এক অভিনব অভিজ্ঞতা। বিশরপাড়ায় নিজের বাড়িতে পৌঁছে ষষ্ঠী থেকে নিয়ম মেনে দেবীর পুজো শুরু করবেন বলে জানিয়েছেন সঞ্জয়। তিনি বলেন, নিয়ম মেনে টিকিট কেটেই মূর্তি নিয়ে যাচ্ছি বাড়িতে।