নিবেদিতার প্রয়াণ দিবস, একটিও মালা জুটল না বাগবাজারের মূর্তিতে, অবহেলা নিয়ে ক্ষোভ
  • ১৪ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাগবাজারে ছিল ভগিনী নিবেদিতার  বাসস্থান। সেখানে তাঁর নামে একটি উদ্যান রয়েছে, এবং সেই চত্বর লাগোয়া এলাকায় তাঁর একটি পূর্ণায়ব মূর্তিও রয়েছে। কিন্তু মঙ্গলবার প্রয়াণ দিবসে সেই মূর্তিতে পড়ল না একটি ফুল‑মালাও। সেখানে পড়ে রয়েছে নোংরা‑আবর্জনা। পার্কিং জোনের কারণে বাসের আড়ালে চাপা পড়ে গিয়েছে ওই চত্বর। ভনভন করছে মশা‑মাছির দল।

Advertisement

এদিন সেখানে গিয়ে দেখা যায়, রেলিং ঘেরা ওই চত্বরে পড়ে রয়েছে খাবারের থালা, নোংরা, গাছের পাতা, জলের বোতল প্রভৃতি। মূর্তির পিছনে গজিয়েছে জংলি গাছ। রেলিংয়ের চারদিকে নোংরা কাপড় চোপড়। গতবছর ঢাক‑ঢোল পিটিয়ে নতুন করে সাজিয়ে তোলা হয়েছিল এই উদ্যান এবং তার আশপাশ চত্বর। কিন্তু তারপর আবার যে কে সেই। ভগিনী নিবেদিতার মূর্তি পড়ে রয়েছে অবহেলাতেই।
বিষয়টি নিয়ে এলাকাবাসীরা ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের বক্তব্য, বাগবাজারের মত ঐতিহ্যপূর্ণ স্থানে নিবেদিতার মূর্তি এমন অবহেলায় পড়ে থাকাটা বড়ই বেমানন। এলাকাবাসী থেকে পথচলতি মানুষের বক্তব্য, বিষয়টি জনপ্রতিনিধিদের জানিয়েও কোন প্রতিকার মেলেনি। তাঁরা কেবল দেখছি‑দেখব বলেই পাশ কাটিয়ে গিয়েছেন। ফলে অনাদরেই পড়ে রয়েছে নিবেদিতার মূর্তি।