Bartaman Logo
৯ জুন, ২০২৬

জ্বলছে নয়ডা, রাতারাতি মজুরি বাড়িয়েও শ্রমিক বিক্ষোভ সামলাতে হিমশিম যোগী

শ্রমিক আন্দোলনের ধাক্কা! দিশাহারা যোগী আদিত্যনাথ সরকার এত বছর ধরে যা করেনি, মাত্র ২৪ ঘণ্টার মধ্যে তা করতে বাধ্য হল

জ্বলছে নয়ডা, রাতারাতি মজুরি বাড়িয়েও শ্রমিক বিক্ষোভ সামলাতে হিমশিম যোগী
  • ১৫ এপ্রিল, ২০২৬ ০৯:০৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: শ্রমিক আন্দোলনের ধাক্কা! দিশাহারা যোগী আদিত্যনাথ সরকার এত বছর ধরে যা করেনি, মাত্র ২৪ ঘণ্টার মধ্যে তা করতে বাধ্য হল। রাতারাতি ২১ শতাংশ মজুরি বৃদ্ধি করা হয়েছে মঙ্গলবার। সরকারের এই সিদ্ধান্তেও সন্তুষ্ট নয় অধিকাংশ শ্রমিক সংগঠন। তা‌ই এদিন নয়ডায় একের পর এক এলাকায় কারখানার গেট ও রাস্তা আটকে চলেছে শ্রমিকদের অবস্থান, বিক্ষোভ, ধরনা। মজুরি বৃদ্ধির আন্দোলনের আগুন ছড়িয়েছে হরিয়ানার ফরিদাবাদেও। সংঘাত হয়েছে পুলিশের সঙ্গে। একের পর এক বিজেপিশাসিত রাজ্যে শ্রমিকরা বঞ্চনার বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়ায় কেন্দ্রীয় সরকারও উদ্বিগ্ন। অবিলম্বে ক্ষোভের আগুন নেভানোর নির্দেশিকা দেওয়া হয়েছে।

Advertisement

নয়ডার শ্রমিকরা জানাচ্ছেন, বিগত তিন বছর ধরে ন্যূনতম মজুরি বৃদ্ধি হয়েছে মাত্র ০.২৫ থেকে ৩ শতাংশ। কারও ২০ টাকা। কারও ৮৪ টাকা। বারংবার দাবি করে, প্রশাসনকে চিঠি লিখে, এমপি-বিধায়কের কাছে দরবার করেও লাভ হয়নি। অবশেষে যখন পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে ক্রমেই আকাশছোঁয়া হয়ে যাচ্ছে মূল্যবৃদ্ধি, তখন আন্দোলনের রাস্তায় নেমেছে নয়ডার শিল্প এলাকার নারীপুরুষ নির্বিশেষে শ্রমিকরা। একদিকে রাজধানী দিল্লির উজ্জ্বলতা, অন্যদিকে নয়ডার হাই প্রোফাইল নগরায়ন, গুরুগ্রামের হাই টেক সাইবারসিটি—এই তথাকথিত আধুনিক উন্নয়নের আলোর নীচেই একের পর এক সেক্টরের শিল্প কারখানাগুলিতে শোষণ ও বঞ্চনার অন্ধকারাচ্ছন্ন কাহিনি প্রতিবাদের আগুনে ঝলসে উঠেছে তিনদিন ধরে। তাই শুধু মজুরি বৃদ্ধি করে এই আগুন নেভানোর মরিয়া প্রয়াসেই থামেনি যোগী সরকার। পাশাপাশি চলছে শ্রমিক বিক্ষোভকে অন্তর্ঘাত ও চক্রান্তের তত্ত্বে দাগিয়ে দেওয়াও।
নৈরাজ্য সৃষ্টি, অরাজকতা ছড়ানোর ষড়যন্ত্রে জড়িত থাকা সন্দেহে ইতিমধ্যে প্রায় ৪০০ জনকে গ্রেপ্তার করেছে উত্তরপ্রদেশ পুলিশ। প্রশাসন বলেছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছিল এই অশান্তি ছড়ানোর জন্য। শ্রমিক বিক্ষোভে শুধু বহিরাগত নয়, পাকিস্তান যোগও দেখতে পেয়েছে কয়েকটি মহল। সেই অভিযোগ উড়িয়ে শ্রমিক সংগঠনগুলি বিবৃতি জারি করে বলেছে, কেন্দ্রের চার শ্রম কোড সংক্রান্ত আইনের জেরে শ্রমিক বঞ্চনা চরমে উঠেছে। ১২ ঘণ্টা কাজ করা বাধ্যতামূলক। ওভারটাইম দেওয়া হয় না। এদিন নয়ডায় জেলা প্রশাসন ও পুলিশ আধিকারিকদের সামনে বিক্ষোভ অবস্থান চলাকালীনই নিজেদের ছেঁড়া জুতো, সেলাই করা কুর্তা, ভেঙে যাওয়া টিফিন বাক্স দেখিয়ে মহিলা শ্রমিকরা বলেছেন, ‘স্যার, দেখুন আমাদের কীভাবে বেঁচে থাকতে হয়!’ শ্রমিক বিক্ষোভের আগুন সামলাতে এদিন উত্তরপ্রদেশ সরকারের গঠিত বিশেষ কমিটি যে অন্তর্বর্তী সিদ্ধান্ত নিয়েছে, সেটি হল—আনস্কিলড বা অদক্ষ কর্মীদের ন্যূনতম মজুরি ১১,৩১৩ থেকে বেড়ে হবে ১৩,৬৯০ টাকা। অর্ধদক্ষ শ্রমিকের ন্যূনতম মজুরি ১২,৪৪৫ থেকে হবে ১৫,০৬৯ টাকা। দক্ষ শ্রমিকের জন্য ন্যূনতম মজুরি ১৩,৯৪০ থেকে হবে ১৬,৮৬৮ টাকা। 

Advertisement
সম্পর্কিত সংবাদ