Bartaman Logo
৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

চারদিন ধরে জল নেই কলে, খড়দহে বিক্ষোভ বাসিন্দাদের

ক্রমশ বাড়ছে গরম। তার মধ্যে গত চার দিন ধরে পানীয় জল পাচ্ছেন না বাসিন্দারা। দ্রুত পানীয় জল সরবরাহের দাবিতে শুক্রবার বিক্ষোভ দেখালেন খড়দহ পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব কল্যাণনগর মাঠপাড়া এলাকার বাসিন্দারা।

চারদিন ধরে জল নেই কলে, খড়দহে বিক্ষোভ বাসিন্দাদের
  • ২৯ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বরানগর:  ক্রমশ বাড়ছে গরম। তার মধ্যে গত চার দিন ধরে পানীয় জল পাচ্ছেন না বাসিন্দারা। দ্রুত পানীয় জল সরবরাহের দাবিতে শুক্রবার বিক্ষোভ দেখালেন খড়দহ পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব কল্যাণনগর মাঠপাড়া এলাকার বাসিন্দারা। মহিলারা জলের পাত্র হাতে রাস্তায় নেমে আসেন এবং বিক্ষোভে শামিল হন। পরে পুরসভার তরফে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেন স্থানীয়রা। পুরসভার দাবি, জলের পাম্প খারাপ হওয়ায় সাময়িক সমস্যা হচ্ছে। জলের গাড়ি পাঠানো হচ্ছে। দ্রুত সমস্যা মিটে যাবে।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, গত চার দিন ধরে ওই এলাকায় পানীয় জল আসছে না। স্থানীয় কাউন্সিলারকে বারবার বলেও সমস্যা মেটেনি। পানীয় জল থেকে গৃহস্থালির কাজে ব্যবহার্য জল কিনে খেতে হচ্ছে। বৃহস্পতিবার থেকে পুরসভা জলের গাড়ি পাঠালেও তা পর্যাপ্ত নয়। বাসিন্দাদের অভিযোগ, প্রতিদিন জল কিনতে কয়েকশো টাকা খরচ হয়ে যাচ্ছে। আগেও জলের সমস্যা ছিল, এখন তো কল দিয়ে জলই পড়ে না। এলাকার রাস্তাঘাটের অবস্থাও বেহাল। এদিন সকালে মাঠপাড়ার তিতিবিরক্ত বাসিন্দারা বিক্ষোভ শুরু করেন।
খড়দহ পুরসভার চেয়ারম্যান নীলু সরকার বলেন, যে পাম্পিং স্টেশন থেকে ওই ওয়ার্ডে জল সরবরাহ করা হয়, সেটি খারাপ হওয়ায় সমস্যা তৈরি হয়েছে। ওই পাম্প সারানোর কাজ চলছে। আশা করা যায়, আজ শনিবার থেকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। মানুষের কষ্ট কমাতে এলাকায় জলের গাড়ি পাঠানো হচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ