নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিসর্জনের সময় মেলে না পর্যাপ্ত জল। ফলে ঠিকমতো মাটির প্রতিমা গলানোই যায় না। যমুনায় বিসর্জন নিষিদ্ধ হলেও নদীর জল কতটা পরিশুদ্ধ হয়েছে, তার কোনো রিপোর্ট বিগত আট বছরেও দেওয়া হয়নি। শেষ মুহূর্তে অনুমোদন এবং নির্দেশিকা (এসওপি) জারি হওয়ায় প্রতিবার সমস্যায় পড়তে হয় পুজো উদ্যোক্তাদের। সোমবার দিল্লিতে পুজোর আয়োজনে প্রশাসনিক সহযোগিতার অভাব নিয়ে এভাবেই সরব হল অখিল ভারতীয় বঙ্গ পরিষদ নামে একটি সংগঠন। ঘটনাচক্রে এই সংগঠন গেরুয়া শিবিরের ঘনিষ্ঠ হিসাবেই পরিচিত। অখিল ভারতীয় বঙ্গ পরিষদের অভিযোগ, প্রতিমা বিসর্জনের জন্য দিল্লিতে কৃত্রিম পুকুরের ব্যবস্থা করে সরকার। কিন্তু সেই কৃত্রিম পুকুরের কোনো পরিকাঠামোই থাকে না। অধিকাংশ ক্ষেত্রেই দু’তিনটি প্রতিমা বিসর্জনের পর বাকিদের দীর্ঘক্ষণ জল এবং ক্রেনের জন্য অপেক্ষা করতে হয়। এর ফলে চরম সমস্যার সম্মুখীন হতে হয় পুজো উদ্যোক্তাদের। সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, এবিষয়ে অবিলম্বে দিল্লি সরকারের মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার সঙ্গে দেখা করা হবে। দেওয়া হবে দাবিদাওয়া সংবলিত স্মারকলিপি।



