Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

নেই স্টাফ বা অ্যাম্বুলেন্স, ছেলেকে স্ট্রেচারে করে হাসপাতালে বাবা-মা

মধ্যপ্রদেশের ইন্দোরে অ্যাম্বুলেন্সের অভাবে স্ট্রেচারে করে অসুস্থ ছেলেকে হাসপাতালে নিয়ে গেলেন বাবা-মা। স্বাস্থ্যব্যবস্থার উপর উঠেছে প্রশ্ন। বিস্তারিত পড়ুন।

নেই স্টাফ বা অ্যাম্বুলেন্স, ছেলেকে স্ট্রেচারে করে হাসপাতালে বাবা-মা
  • ৮ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ভোপাল: কোথাও অ্যাম্বুলেন্স নেই। কোথাও রাস্তা নেই। কোথাও আবার হাসপাতালে পৌঁছে ডাক্তারের হদিশ মেলে না। ওড়িশার দানা মাঝি হোক বা সম্প্রতি শ্রীনগরের শাইস্তা বেগম। পর্যাপ্ত পরিষেবার অভাবে দেশের নানা প্রান্তে ভোগান্তির চিত্রটা একইরকম। এবার মধ্যপ্রদেশের ইন্দোর। অ্যাম্বুলেন্সের দেখা নেই। অনেক ডাকাডাকি করেও ওয়ার্ডবয়দের খোঁজ মেলেনি। অগত্যা প্রখর রোদে স্ট্রেচারে করে অসুস্থ ছেলেকে এক হাসপাতাল থেকে অন্যত্র নিয়ে গেলেন বাবা-মা। সামনে স্ট্রেচার টেনে এগিয়ে চলেছেন বাবা। পিছনে মা। জলে আঁচল ভিজিয়ে ছেলের গায়ে বোলাচ্ছেন। যাতে রোদ না লাগে। ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে সেই ছবি। রাজ্যের স্বাস্থ্যব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়দের একাংশ।

Advertisement

মেরুদণ্ডে সমস্যা নিয়ে ইন্দোরের এমওয়াই হাসপাতালে ভরতি হয়েছিল ১২ বছরের আদর্শ। সেখানেই ১৫ দিন ধরে তার চিকিৎসা চলছিল। সম্প্রতি তাকে নিকটবর্তী সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তখনই সমস্যা শুরু। দীর্ঘক্ষণ কোনো অ্যাম্বুলেন্সের দেখা মেলেনি। অভিযোগ, সাহায্যের জন্য এগিয়ে আসেনি ওয়ার্ড বয় বা হাসপাতালের লোকজনও। শেষমেশ আদর্শকে স্ট্রেচারে করে টানতে টানতে প্রায় এক কিলোমিটার দূরে সুপার স্পেশালিটি হাসপাতালে পৌঁছান তার বাবা-মা। কিন্তু সেখানে তাঁদের বলা হয়, ছেলেকে ভরতি করার কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র কাগজপত্র জমা দিলেই হবে। আর কোনো উপায় না পেয়ে স্ট্রেচারে করেই আবার আদর্শকে এমওয়াই হাসপাতালে ফিরিয়ে আনা হয়। এমন অব্যবস্থা নিয়ে সরব হয়েছেন স্থানীয়রা। হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ