কাঁচির দেখা নেই, শেষে এক টানে ফিতে ছিঁড়েই পুজো উদ্বোধন দিলীপের
  • ১৩ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: পুজো মণ্ডপ উদ্বোধনের আয়োজন ছিল। আগাম প্রচারও হয়েছে ঢালাও। কিন্তু ফিতে কাটার সময় দেখা গেল— কাঁচি নেই! বেশ কিছুক্ষণ অপেক্ষার পর শেষ পর্যন্ত টান মেরে ফিতে ছিঁড়েই পুজোর উদ্বোধন করলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। সোমবার বিকালে হাবড়ার ‘আমরা সবাই ক্লাব’-এর পুজো মণ্ডপে এই ঘটনা ঘটে।

Advertisement

এই পুজো এবার ৫৬ বছরে পড়েছে। উদ্বোধক হিসাবে দিলীপ ঘোষের নাম আগেই প্রচার করা হয়েছিল। নির্ধারিত সময়ে মন্ত্রী এলেও মণ্ডপে প্রবেশদ্বারের ফিতে কাটার কাঁচি খুঁজে পাওয়া যায়নি। উদ্যোক্তারা পাশে দাঁড়িয়ে থাকলেও কাঁচির ব্যবস্থা করতে পারেননি কেউ। ‘কাঁচি কোথায়’ বলে চাপা গুঞ্জনের মধ্যেই শেষ পর্যন্ত ফিতে ধরে টান দেন দিলীপবাবু। তারপর মণ্ডপে ঢুকে প্রদীপ প্রজ্জ্বলন করেন তিনি। উদ্বোধনের পর পুজো উদ্যোক্তাদের চাঁদার জুলুম ও তোলাবাজি নিয়ে সতর্ক করেন মন্ত্রী। দিল্লির আন্দোলন প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের কয়েকজন মন্ত্রীর পোস্টের উল্লেখ করে তাঁর দাবি, বিদেশ থেকে এই দেশকে অস্থির করার চেষ্টা হচ্ছে। বিরোধীদের কটাক্ষ করে দিলীপবাবু বলেন, যে সব দল উঠে যাচ্ছে, তাদের কাছে আর কোনো প্ল্যাটফর্ম নেই। তাই তারা আরশোলাদের ডানা ধরে ঝুলে থাকার চেষ্টা করছে। 
এদিকে, চেয়ারম্যান নির্বাচনকে ঘিরে খড়্গপুর পুরসভার সামনে বিজেপির আন্দোলন প্রসঙ্গে দিলীপ ঘোষের মন্তব্য, তৃণমূল জোর করে খড়্গপুর পুরসভা জিতেছিল। গত পাঁচ বছরে একাধিকবার ওদের চেয়ারম্যান বদল হয়েছে। মানুষ বিরক্ত। তাই, মানুষ বিক্ষোভ দেখিয়েছে। তাঁদের সঙ্গে বিজেপির কিছু কর্মীও যুক্ত ছিলেন। পুরসভার সামনে গোলমালের সময় বিজেপি কর্মীরা পুলিশের উপর হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এনিয়ে মন্ত্রীর পালটা প্রশ্ন, পুলিশ কেন চোরদের প্রশ্রয় দেওয়ার ব্যাপারে ইন্টারেস্ট দেখাচ্ছে?