Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

একজন পড়ুয়া থাকলেও কোনও স্কুল বন্ধ হবে না, জানালেন মন্ত্রী

একটিমাত্র পড়ুয়া থাকলেও কোনও স্কুল বন্ধ হবে না। মঙ্গলবার বিধানসভায় বাজেট ভাষণে বক্তব্য রাখতে গিয়ে স্পষ্ট জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

একজন পড়ুয়া থাকলেও কোনও স্কুল বন্ধ হবে না, জানালেন মন্ত্রী
  • ১৯ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: একটিমাত্র পড়ুয়া থাকলেও কোনও স্কুল বন্ধ হবে না। মঙ্গলবার বিধানসভায় বাজেট ভাষণে বক্তব্য রাখতে গিয়ে স্পষ্ট জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। পড়ুয়া এবং শিক্ষকশূন্য স্কুলগুলির ভবিষ্যৎ নিয়ে আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকি প্রশ্ন তোলেন। পড়ুয়াশূন্য স্কুলগুলির সংযুক্তিকরণ প্রসঙ্গ ওঠে তৃণমূলের অপূর্ব সরকারের বক্তব্যেও। ওই প্রসঙ্গে ব্রাত্য বলেন, একজন পড়ুয়াও স্কুলে আসতে চাইলে তাকে সেই সুযোগ দেওয়া সরকারের কর্তব্য। পড়ুয়া না-থাকলে প্রয়োজনে প্রচার চালিয়ে তাদের স্কুলে টেনে আনতে হবে। কোনও স্কুলই বন্ধ হবে না। পড়ুয়াশূন্য স্কুলগুলি থেকে শিক্ষকদের অন্য স্কুলে বদলি বা সারপ্লাস ট্রান্সফার এবং দু’টি স্কুলের সংযুক্তিকরণ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে শিক্ষামহলে। আদালত অবশ্য রাজ্য সরকারের এই পরিকল্পনাকে সমর্থন জানিয়েছে। সেই লক্ষ্যে কাজ শুরুও হয়েছে। তবে, এদিন শিক্ষামন্ত্রীর কথায় ইঙ্গিত, এ নিয়ে ধীরে চলো নীতি নিয়েছে সরকার। বদলি বা সংযুক্তিকরণ প্রসঙ্গে অধিবেশন কক্ষের বাইরে প্রশ্ন করা হলে শিক্ষামন্ত্রী বলেন, এগুলি নিয়ে মুখ্যমন্ত্রীই নীতিগত সিদ্ধান্ত নেবেন। মিড ডে মিলে তিথিভোজনের রীতি নিয়েও দলীয় বিধায়কদের সঙ্গে ভিন্নমত পোষণ করেছেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, তিথিভোজনের মাধ্যমে তিথি, নক্ষত্রের মতো বিষয়ের সঙ্গে পড়ুয়াদের পরিচয় করাতে চায় কেন্দ্র। আমাদের মুখ্যমন্ত্রী যেকোনও ধর্মের বিশেষ অনুষ্ঠানে তো বটেই, যেকোনও সাধারণ দিনেও শিশুদের পুষ্টিকর খাবারের ব্যবস্থা করেছেন। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ