নেই রেডিয়োলজিস্ট, বনগাঁ হাসপাতালে ১৫ দিনের বেশি আল্ট্রাসোনোগ্রাফি বন্ধ
  • ১৯ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বনগাঁ: রেডিয়োলজিস্ট না থাকায় ১৫ দিনের বেশি সময় ধরে আল্ট্রাসোনোগ্রাফি বন্ধ বনগাঁ হাসপাতালে। ফলে প্রশ্নের মুখে বনগাঁ মহকুমা ও সুপার স্পেশালিটি হাসপাতালের পরিষেবা। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে নোটিস দিয়ে জানানো হয়েছে, অনির্দিষ্টকালের জন্য আল্ট্রাসোনোগ্রাফি বন্ধ থাকবে। সমস্যায় পড়ছেন রোগীরা। বাধ্য হয়ে আল্ট্রাসোনোগ্রাফি করতে অন্যত্র যেতে হচ্ছে রোগীদের। সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন অন্তঃসত্ত্বা মহিলারা। যদিও কর্তৃপক্ষ দাবি করে, সমস্যা মিটে গিয়েছে। কয়েকদিনের মধ্যেই ফের চালু হবে আল্ট্রাসোনোগ্রাফি।

Advertisement

গত ২৯ জুলাই নোটিস দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, রেডিয়োলজিস্ট না থাকার কারণে আপাতত আল্ট্রাসোনোগ্রাফি পরিষেবা বন্ধ থাকবে। তবে হাসপাতালের পক্ষ থেকে শুধুমাত্র অন্তঃসত্ত্বা ও নবজাতকের জন্য হাসপাতালের সঙ্গে যুক্ত কোনো ল্যাবরেটরিতে বিনামূল্যে আল্ট্রাসোনোগ্রাফির ব্যবস্থা করা হয়। তবে মহিলাদের সেখানে নিয়ে যেতেও নানা সমস্যায় পড়তে হচ্ছে রোগীর আত্মীয়দের।
হাসপাতালে আসা এক রোগীর আত্মীয় বলছিলেন, ‘এই গরমে হাসপাতালে এসেও আল্ট্রাসোনোগ্রাফি হল না। অন্য জায়গায় করিয়ে আনতে বলছে।’ হাসপাতাল সূত্রে খবর, সম্প্রতি হাসপাতালের একজন রেডিয়োলজিস্ট অবসর নিয়েছেন। সেই জায়গায় অন্য একজনকে পাঠানো হলেও ফের তাঁকে বদলি করা হয়। ফলে গুরুত্বপূর্ণ পদটি শূন্য হয়ে যায়। হাসপাতালের সুপার কৃষ্ণচন্দ্র বড়াই বলেন, ‘রেডিয়োলজিস্ট না থাকায় সমস্যা হয়েছে। আমরা বিষয়টি তৎক্ষণাৎ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছিলাম। সম্প্রতি একজন রেডিয়োলজিস্ট দেওয়া হয়েছে। সোম বা মঙ্গলবার থেকে পরিষেবা চালু হবে।’