নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আবাসন বা ফ্ল্যাট চত্বরে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া দুর্গাপুজো করা যাবে না। মুচিপাড়া এলাকায় একটি পুজোর অনুমতি নাকচ করে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট।
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আবাসন বা ফ্ল্যাট চত্বরে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া দুর্গাপুজো করা যাবে না। মুচিপাড়া এলাকায় একটি পুজোর অনুমতি নাকচ করে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট।
মুচিপাড়া থানা এলাকায় ১৩৩-এ রাজা রামমোহন সরণি এলাকায় একটি ফ্ল্যাটের কমন এলাকায় ফ্ল্যাট ওনার্স অ্যাসোসিয়েশনের অনুমতি ছাড়াই পুজো করতে চায় একটি ক্লাব। যার বিরোধিতা করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন পাঁচ জন ফ্ল্যাট মালিক। তাঁদের দাবি ছিল, ওই ফ্ল্যাট ওনার্স অ্যাসোসিয়েশনের অনুমতি ছাড়াই তাঁদের কমন এরিয়ায় দুর্গাপুজো করতে চায় স্থানীয় একটি ক্লাব। ফ্ল্যাট মালিকদের দাবি, এক রকম জোর করেই পুজোর আয়োজন করতে চাইছে তারা। থানায় লিখিত অভিযোগ জানালেও পুলিশের তরফে পদক্ষেপ করা হয়নি বলে দাবি করেন ফ্ল্যাট মালিকদের আইনজীবী। ক্লাবের তরফে পাল্টা দাবি করা হয়, ওই চত্বরে দীর্ঘদিন ধরে তাঁরা পুজো করে আসছে। আবাসন তৈরির আগে জমির মালিকের অনুমতি নিয়ে পুজো হতো। সব পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি সৌগত ভট্টাচার্য জানিয়ে দেন, ফ্ল্যাট মালিকদের আপত্তি রয়েছে। তাই পুজোর অনুমতি দেওয়া যাবে না।