মুম্বই: একজন ব্যক্তি তাঁর জীবনে যতগুলি আর্থিক সিদ্ধান্ত নিয়ে থাকেন তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ সম্ভবত গৃহঋণ। ব্যাঙ্ক সহ আর্থিক সংস্থাগুলি যত খুচরো ঋণ দিয়ে থাকে, তার মধ্যে গৃহঋণের মেয়াদ সব থেকে দীর্ঘ হয়। বর্তমানে ২৫ বছর বছর পর্যন্ত মেয়াদে এই ঋণ দিয়ে থাকে সংস্থাগুলি। হোম লোনের নিয়মে বড় পরিবর্তন করেছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই)। এর ফলে লাভবান হবেন গ্রাহকরা।
নয়া নিয়ম অনুযায়ী, এবার থেকে হোম লোনে আগাম পেমেন্টের ক্ষেত্রে গ্রাহকদের থেকে কোনও চার্জ নিতে পারবে না ঋণদাতা সংস্থাগুলি। অর্থাৎ মেয়াদ শেষের আছেই ঋণ মিটিয়ে দিতে চাইলে গ্রাহকদের ঘাড়ে অতিরিক্ত ফিয়ের বোঝা চাপবে না। ফ্লোটিং রেটে নেওয়া লোনের ক্ষেত্রে আগামী বছরের ১ জানুয়ারি থেকে চালু হতে চলেছে নতুন এই নিয়ম। ২০২৬ সালের ১ জানুয়ারি বা তার পরে যে সমস্ত হোম লোন মঞ্জুর বা রিনিউ হবে, সেই সমস্ত ক্ষেত্রে নতুন এই নিয়ম কার্যকর হবে বলে জানিয়েছে দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক।