নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অবসরের দু’বছর আগে ছাড়া নিজের জেলায় স্বাস্থ্যদপ্তরের কোনো অফিসার পোস্টিং পাবেন না। টানা তিন বছর চাকরির পরই তিনি বদলি হবেন। চার বছরের পর আর সেই পদে থাকতে পারবেন না। স্পর্শকাতর দায়িত্বে নিয়োজিত আধিকারিকরা টানা দু’বছর ডিউটির পর বদলি হবেন এবং তিন বছরের পর সেই পদে থাকতে পারবেন না। অবশ্য বদলির সময় আধিকারিকদের পছন্দ, প্রাধান্যকে পরিস্থিতি অনুযায়ী গুরুত্ব দেওয়া হতে পারে। সরকারি আধিকারিকদের বদলি সংক্রান্ত নবান্নের সাম্প্রতিক অর্ডার উল্লেখ সহ এমনই নির্দেশনামা জারি করল স্বাস্থ্যভবন। যদিও এবিষয়ে সরকারি চিকিৎসকদের অন্যতম সংগঠন সার্ভিস ডক্টর্স ফোরামের সাধারণ সম্পাদক ডাঃ সজল বিশ্বাস বলেন, রাজ্য সরকারের একটি সাধারণ নির্দেশিকা, কীভাবে হুবহু স্বাস্থ্যক্ষেত্রের সমস্ত ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীর ক্ষেত্রে একইরকমভাবে প্রযোজ্য হবে, তা বোধগম্য নয়। বিশেষত, চিকিৎসকদের বদলির ক্ষেত্রে জোন ভাগ করা অত্যন্ত জরুরি।



