নয়াদিল্লি: ব্যবহার করা যাবে না মোবাইল, ল্যাপটপ, স্মার্টওয়াচ। থাকতে হবে গোপন জায়গায়। সবার আড়ালে নিজেদের কাজ সারতে হবে। সম্প্রতি নিট পরীক্ষার প্রশ্ন প্রস্তুতকারীদের জন্য এমনই নিয়মের কথা ঘোষণা করেছে কেন্দ্র। কারণটা সহজেই অনুমেয়। নিট ইউজির পুনঃপরীক্ষার নিরাপত্তায় ফাঁক রাখতে চাইছে না আয়োজক সংস্থা এনটিএ।
মে মাসে প্রশ্নফাঁসের জেরে বাতিল হয়েছিল নিট ইউজি-২০২৬। ২১ জুন ফের অনুষ্ঠিত হবে এই পরীক্ষা। তবে এবার সবকিছু সুষ্ঠভাবে সম্পন্ন করতে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে কেন্দ্র। জানা যাচ্ছে, পরীক্ষা না হওয়া অবধি প্রশ্ন তৈরি, মডারেশন, অনুবাদসহ পরীক্ষা সংক্রান্ত অন্যান্য গোপনীয় কাজে যুক্ত ব্যক্তিদের গোপন স্থানে সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় রাখা হবে। তাঁদের মোবাইল, ল্যাপটপ, স্মার্টওয়াচ এমনকি ইন্টারনেট ব্যবহারের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রশ্ন তৈরি থেকে বিতরণ সবকিছু কঠোর নজরদারির আওতায় আনা হয়েছে। পুরো প্রক্রিয়াকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে, যাতে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কাছে সম্পূর্ণ কার্যপ্রণালির তথ্য না থাকে। এর ফলে প্রশ্ন ফাঁসের সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে কমবে বলে মনে করছে প্রশাসন। তবে এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় নতুন করে বিভ্রান্তিকর তথ্য ছড়াতে শুরু হয়েছে। দাবি করা হচ্ছে, ২১ জুনের পরীক্ষার প্রশ্ন বিক্রির জন্য উপলব্ধ। এই দাবিকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও প্রতারণামূলক বলে উড়িয়ে দিয়েছে এনটিএ। সংস্থার তরফে পরীক্ষার্থী ও অভিভাবকদের গুজবে কান না দেওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে প্রতারণার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।