নয়াদিল্লি: দেশজুড়ে ইথানল মিশ্রিত পেট্রল বিক্রি নিয়ে বিতর্কের ঝড়। এরইমধ্যে মুখ খুললেন কেন্দ্রীয় পরিবহণমন্ত্রী নীতিন গাদকারি। বুধবার তিনি জানিয়েছেন, কেন্দ্রের এই নীতির পিছনে তাঁর কোনো ব্যক্তিগত স্বার্থ নেই। ইথানল মিশ্রিত পেট্রলের জন্য গাড়ির ক্ষতি হচ্ছে, এমন কোনো প্রমাণ পেশের জন্য সমালোচকদের উদ্দেশে চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছেন মন্ত্রী। তাঁর দাবি, জ্বালানি তেলের আমদানি কমানো, পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারে উত্সাহিত করা এবং কৃষকদের আয় বৃদ্ধির জন্যই ইথানল উত্পাদনে জোর দেওয়া হচ্ছে। ইথানল উত্পাদনে তাঁর ব্যক্তিগত স্বার্থ রয়েছে বলে যে অভিযোগ উঠেছে, তা এদিন সরাসরি খারিজ করে দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। গাদকারির দাবি, কেন্দ্রীয় সরকারের ইথানল নীতি প্রণয়ণের বহু আগে থেকেই তাঁদের পারিবারিক চিনির ব্যবসা। আর সার্বিক ইথানল উত্পাদনে তাঁদের ব্যবসার ভূমিকা সামান্যই। তিনি বলেন, ‘পেট্রলের সঙ্গে ইথানল মিশ্রণের বিষয়ে আমি একা সিদ্ধান্ত নিইনি। পেট্রলিয়াম মন্ত্রক, ক্যাবিনেট এবং বিজ্ঞানীদের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত।’



