অনুমতিই নেওয়া হয়নি, পুলিশের বাধায় শুরুতেই শেষ মমতা তৃণমূলের মিছিল!
  • ১৩ অক্টোবর, ২০২৬ ১৬:২৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তৃতীয়ার দুপুরে কলকাতায় মমতা তৃণমূলের ডাকা কয়েকশো কর্মীর মিছিল ব্যর্থ করতে রীতিমতো তৎপর রইল প্রশাসন। পুলিশের বিপুল সংখ্যক কর্মীর পাশাপাশি ময়দানে নামানো হল কেন্দ্রীয় বাহিনীকে। সেই ঘেরাটোপে মিছিল এগোতে পারল না। রাজাবাজারে শুরু করে মোড় ঘোরার আগেই শেষ হয়ে গেল কর্মসূচী। যদিও মমতা তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষের দাবি, ‘মাত্র কয়েকশো লোককে আটকাতে এই বিপুল বন্দোবস্ত আসলে তাঁদের নৈতিক জয়।’

Advertisement

জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এদিনের মিছিলের ডাক দিয়েছিল মমতা তৃণমূল কংগ্রেস। কথা ছিল, কলকাতার রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত মিছিল করবে দলের ছাত্র, যুব, মহিলা এবং আইটি শাখা। যদিও পুলিশের কোনো অনুমতি নেওয়া হয়নি। ফলে এই মিছিল রাজাবাজারে আটকে দেওয়া হবে বলে গতকালই হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রয়োজনীয় পদক্ষেপ করার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। আজ দুপুরে কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা জানিয়ে দেন, এমন কোনো মিছিলের কথা তাঁর জানা নেই।

এদিন সকাল থেকে রাজবাজার চত্বর ছিল পুলিশে ছয়লাপ। সেখানে হাজির হন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। রাস্তা জুড়ে তৈরি করা হয় মস্ত ব্যারিকেড। এর মধ্যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজাবাজারে জড়ো হতে থাকেন মমতা তৃণমূলের কর্মীরা। একে একে হাজির হন কুণাল ঘোষ, সাংসদ দোলা সেন, বিধায়ক আলিফা আহমেদ, প্রাক্তন বিধায়ক হুমায়ুন করীররা। দুপুর ২টো নাগাদ কয়েকশো লোক নিয়ে নির্ধারিত স্থান থেকে মিছিল কয়েক পা এগোতেই পুলিশ তা আটকে দেয়। ত্রিস্তরীয় বলয় ভেদ করে রাজবাজার মোড়ের বাইরে মিছিল বেরোতে পারেনি।