বেঙ্গালুরু: কোনো মহিলাকে তাঁর মা-বাবার কাছে যাওয়ার জন্য স্বামী বা শ্বশুরবাড়ির কারও অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। গৃহস্থালির কাজকর্ম বা শ্বশুরবাড়ির সদস্যদের দায়িত্বগ্রহণেও তাঁকে বাধ্য করা যায় না। পারিবারিক বিবাদ সংক্রান্ত মামলায় একথা বলল কর্ণাটক হাইকোর্ট।
স্ত্রী ও নাবালিকা কন্যার খোরপোষ বাবদ এক ব্যক্তিকে মাসে ৯ হাজার টাকা করে দেওয়ার নির্দেশ দিয়েছিল টুমাকুরুর পারিবারিক আদালত। খোরপোষের পরিমাণ কমানোর আর্জি জানিয়ে কর্ণাটক হাইকোর্টের দ্বারস্থ হন ওই ব্যক্তি। খোরপোষ কমানোর আরজি খারিজ করে হাইকোর্টের পর্যবেক্ষণ, মা-বাবার দেখভালের দায়িত্ব প্রাথমিকভাবে তাঁর পুত্র ও কন্যার উপর বর্তায়, জামাই বা পুত্রবধূর উপর নয়। বিচারপতিদের মন্তব্য, কোনো মহিলাকে তাঁর যে কোনো ইচ্ছাপূরণের জন্য কেন শ্বশুরবাড়ির প্রত্যেকের অনুমতি নিতে হবে, সেটা আমাদের বোধগম্য হচ্ছে না। যখন ইচ্ছা মহিলারা বাপের বাড়ি যেতে পারেন। হাইকোর্টের আরও পর্যবেক্ষণ, স্বামী বা শ্বশুরবাড়ির অন্য কেউই কোনো মহিলাকে বাড়ির কাজ করতে বা বাবা-মায়ের দেখাশোনা করার নির্দেশ দিতে পারেন না।