নিজস্ব প্রতিনিধি, বারাসত: ঋতব্রত তৃণমূলে যোগদান নিয়ে রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। এই আবহে মধ্যমগ্রাম থেকে তৃণমূলকে নিশানা করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর হুঁশিয়ারি, ‘ঋতব্রতর কাঁধে ভর করলেই কেউ রেহাই পাবে না।’ এখানেই না থেমে তৃণমূলের দলীয় তহবিল, মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়, ২১ জুলাইয়ের সমাবেশ— এরকম একের পর এক ইস্যুতে তোপ দাগেন তিনি। রবিবার মধ্যমগ্রামে ভারতীয় মজদুর সংঘের উদ্যোগে এক সভা ও রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সেখানেই উপস্থিত ছিলেন সুকান্তবাবু। আরও ছিলেন বারাসত সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি রাজীব পোদ্দার, বিজেপি নেতা তাপস মিত্র প্রমুখ। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্তবাবু বলেন, ‘কেউ যদি মনে করেন, ঋতব্রতর কাঁধে চাপলে ছাড় পেয়ে যাবে, আমাদের সরকারে সেটা হবে না।’



