নয়াদিল্লি: দুই ম্যাচের টেস্ট সিরিজে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করার দারুণ সুযোগ ছিল ভারতের সামনে। দ্বিতীয় টেস্টে প্রতিপক্ষকে বাগে পেয়েও জয়ের কড়ি জোগাড়ে ব্যর্থ গিলরা। ফলো-অন করানোর সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন উঠছে। কলম্বো ম্যাচ ড্র হওয়ায় কঠিন হয়েছে ভারতীয় দলের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওঠার পথ।
অথচ চতুর্থ দিনের শেষে স্কোরবোর্ড দেখে মনে হয়েছিল ভারতের জয় শুধু সময়ের অপেক্ষা। কিন্তু পঞ্চম দিনে শ্রীলঙ্কার ব্যাটাররা গিল বাহিনীর বাড়া ভাতে ছাই ঢেলে দেন। ভারত ১-০ ব্যবধানে সিরিজ জিতলেও, কলম্বো টেস্টে ড্র কাঁটা হয়েই বিঁধছে টিম ইন্ডিয়াকে। এর জন্য সরাসরি ক্যাপ্টেন শুভমান গিলের অনভিজ্ঞতাকে দায়ী করেছেন প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ। তাঁর কথায়, ‘কলম্বো টেস্ট জেতা উচিত ছিল ভারতের। কিন্তু দুর্বল বোলিং এবং দক্ষ নেতৃত্বের অভাবে তা হয়নি। পঞ্চম দিনে সোনাল দিনুশাকে আউট করার মতো কোনো প্ল্যান বি ভারতের ছিল বলে মনে হয়নি। তাছাড়া এরকম কঠিন দিনে, সিনিয়র ক্রিকেটারদের পরামর্শও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। লোকশ রাহুল, ঋষভ পন্থ, জাদেজারা আছে ঠিকই, তবে তারা মোটেও লিডারশিপ গ্রুপের মধ্যে পড়ে না। মাঠে গিলকে সঠিক উপদেশ দেওয়ার মতো কাউকে দেখা যায়নি। তাছাড়া ভারতীয় স্পিনাররা বড়ই নেতিবাচক বোলিং করছিল সোনালের বিরুদ্ধে। শেষ দু’টি ডেলিভারি জেনে বুঝেই ওয়াইড করা হচ্ছিল। এই কৌশল মোটেও পছন্দ হয়নি আমার। অধিনায়ক গিলের এটা বোঝা উচিত ছিল। কিন্তু ও অনভিজ্ঞ। মাত্র দু’টি রনজি ট্রফিতে ক্যাপ্টেন্সি করেছে। লাল বলে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা কম। টেস্ট দলের দায়িত্ব পেলেও সিনিয়রদের পরামর্শ জরুরি ছিল গিলের জন্য। সেই অভাব ও নিশ্চয়ই টের পাচ্ছে।’