Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আপনার সম্পত্তি কেড়ে নেওয়ার অধিকার কারও নেই, বার্তা মমতার

ওয়াকফ আইন নিয়ে ফের একবার নিজের কড়া অবস্থান জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার ‘বিশ্ব নবকর মন্ত্র দিবস’-এর মঞ্চ থেকে ঐক্যের বার্তা দেন মুখ্যমন্ত্রী।

আপনার সম্পত্তি কেড়ে নেওয়ার অধিকার কারও নেই, বার্তা মমতার
  • ১০ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ওয়াকফ আইন নিয়ে ফের একবার নিজের কড়া অবস্থান জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার ‘বিশ্ব নবকর মন্ত্র দিবস’-এর মঞ্চ থেকে ঐক্যের বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘আমি প্রত্যেক ধর্মস্থানে যাই। সারা জীবন যাব। আমাকে গুলি করে মেরে দিলেও এরাজ্যে একতা বিনষ্ট হতে দেব না।’ ওয়াকফ নিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজনকে আশ্বস্ত করে তাংর হুঙ্কার, ‘মনে রাখবেন, আপনার সম্পত্তি কেড়ে নেওয়ার অধিকার কারও নেই। আমি জানি, আপনাদের মনে ওয়াকফ নিয়ে কষ্ট আছে। আপনারা ভরসা রাখুন। বাংলায় এমন কিছু হবে না, যাতে কেউ ডিভাইড অ্যান্ড রুলের সুযোগ পায়।’ 

Advertisement

এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে জৈন সম্প্রদায়ের এই অনুষ্ঠানে মমতা মানুষের মধ্যে ভাগাভাগির ‘অপচেষ্টার’ বিরুদ্ধে সুর চড়ান। ‘রাজনৈতিক উস্কানি’তে পা না দিয়ে সবাই এক হয়ে লড়াইয়ের আবেদন জানিয়েছেন তিনি। সেই সঙ্গে তাঁর অশ্বাস, ‘মনে রাখবেন, দিদি যখন এখনও আছে, দিদি আপনাদের এবং আপনাদের সম্পত্তিও রক্ষা করবে। আপনারা শুধু একে অপরের উপর বিশ্বাস রাখুন। এখানে অবিশ্বাসের কোনও জায়গা নেই। আমরা যদি এক থাকি, তাহলে সমস্ত সমস্যা অতিক্রম করতে পারব।’ তিনি জানান, বাংলার সম্প্রীতির ঐতিহ্য বাজায় রাখতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে তাঁর সরকার। ভাগাভাগি করলে দেশ টুকরো টুকরো হয়ে যাবে, দেশের অর্থনীতিও দুর্বল হয়ে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। তাঁর কথায়, ‘অনেকে বলছেন, বাংলায় আমরা না কি হিন্দু ধর্মের মানুষকে সুরক্ষা দিই না। আমার প্রশ্ন, তাহলে কে দেয়? বলুন তো, কোন ধর্মের মানুষ এখানে উৎসব পালনে বাধা পান? আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষও হিন্দুদের সমস্ত উৎসবে অংশগ্রহণ করে।’ এদিনের অনুষ্ঠানে উপস্থিত জৈন ইন্টারন্যাশনাল ট্রেড অর্গানাইজেশনের কলকাতা চ্যাপ্টারের চেয়ারম্যান ধর্মেন্দ্র জৈন রাজ্যে সুশাসন ও আর্থিক উন্নয়নের জন্য শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রীকে।  

Advertisement
সম্পর্কিত সংবাদ