নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অবসরের বয়সসীমা পেরিয়ে যাওয়ার পর পুনর্নিয়োগ বা মেয়াদ বৃদ্ধির মাধ্যমে রাজ্য সরকারের বিভিন্ন দফতরে কাজ করছিলেন বহু কর্মী। অবসরের পরেও কর্মরত এই সব আধিকারিক এবং কর্মীদের চাকরির মেয়াদ অবিলম্বে শেষ করার নির্দেশ দিল নতুন রাজ্য সরকার। রাজ্যের স্বরাষ্ট্র দফতরের জারি করা নির্দেশিকায় রাজ্যের সমস্ত দফতরের অতিরিক্ত মুখ্যসচিব, প্রধান সচিব এবং সচিবদের এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। ষাট বছর বয়সের পর যাঁরা পুনর্নিয়োগ বা বর্ধিত মেয়াদে কাজ করছেন, তাঁদের সকলের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য হবে।
একই সঙ্গে রাজ্য সরকারের বিভিন্ন বোর্ড, সংগঠন, বিধিবদ্ধ সংস্থা এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে মনোনীত সদস্য, ডিরেক্টর এবং চেয়ারম্যানদের মেয়াদ অবিলম্বে শেষ করার প্রক্রিয়া শুরু করতে নির্দেশ দেওয়া হয়েছে।
নবান্ন সূত্রে খবর, এই নির্দেশ স্পষ্টভাবে ইঙ্গিত করছে যে প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল ও পুনর্বিন্যাসের পথে হাঁটছে নতুন সরকার। সেই কারণেই, বিভিন্ন সরকারি সংস্থা এবং বোর্ডে আগের সরকারের আমলে নিয়োগ হওয়া ব্যক্তিদের সরানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে প্রশাসনিক মহলের একাংশের অনুমান। দীর্ঘদিন ধরে রাজনৈতিক নিয়োগ, পুনর্নিয়োগ এবং তথাকথিত “এক্সটেনশন কালচার” নিয়ে যে প্রশ্ন উঠছিল, সেই প্রেক্ষিতেই এই সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
এদিন, নবান্নে রাজ্যের সব শীর্ষ আমলাদের সঙ্গে বৈঠকে বসেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ নবগঠিত মন্ত্রীসভার বাকি সদস্যরা।