নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তপ্ত বৈশাখে (২০ এপ্রিল) ব্রিগেডের ডাক দিয়েছে বামপন্থী শ্রমিক-কৃষক-খেতমজুর ও বস্তি সংগঠন। কিন্তু ওই সময়ের তীব্র গরমে ব্রিগেড ভরাতে পারবে তো বামেরা? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। যদিও বাম নেতৃত্বের দাবি, ১০ লক্ষ মানুষ আসবেন। সূত্রের খবর, কয়েকবছর আগে বিজেপি যেভাবে তাঁবু (হ্যাঙ্গার) খাটিয়ে ব্রিগেড সমাবেশ করেছিল, ২০ এপ্রিল সেরকম কোনও ব্যবস্থার কথাও ভেবেছিল বাম নেতৃত্ব। কিন্তু তার খরচ শুনে পিছু হটতে হয়েছে তাদের।
সিটু নেতা অনাদি সাহু বলেন, ‘শ্রমিক-কৃষকরা নিজেদের টাকা দিয়ে ব্রিগেড করছেন। আমাদের এত টাকা দেওয়ার ক্ষমতা নেই। পর্যাপ্ত জল থাকবে। ৫০ হাজার লাল টুপি মাথায় আমাদের লোকেরা থাকবেন মঞ্চের সামনে।’ ১ এপ্রিল থেকে ব্যাপকভাবে ব্রিগেড সমাবেশের প্রচার শুরু করবে বামেরা। বিভিন্ন জায়গায় বাইক, সাইকেল, ট্রাক্টর মিছিল ও জাঠা করা হবে জানিয়েছে বাম নেতৃত্ব। অনাদিবাবু আরও বলেন, ‘মোদি জমানায় কৃষক তাঁর ফসলের দাম পাচ্ছেন না। শ্রমিকরা মজুরি পাচ্ছেন না। অনেক হয়েছে। আর এসব সহ্য করবেন না তাঁরা। গরমের জন্য ছাতা, গামছা সঙ্গে আনতে বলা হচ্ছে। এবার তাই গ্রামবাংলা থেকে অনেক মানুষ ব্রিগেডে যোগ দিতে আসবেন।’ শ্রমিক নেতা আসাদুল্লাহ গায়েন বলেন, ‘দক্ষিণবঙ্গ থেকে মূলত বাসে এবং উত্তরবঙ্গ থেকে ট্রেনে চেপে আসবেন সবাই। যাঁরা আগের দিন চলে আসবেন, তাঁদের জন্য ক্যাম্পের ব্যবস্থা করা হবে। মাঠে মেডিক্যাল ক্যম্প থাকবে।’ ইতিমধ্যেই সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর সঙ্গে বৈঠক করেছেন সমাবেশের আহ্বায়ক গণসংগঠনের নেতারা। এই ব্রিগেড থেকেই ২০২৬-এর বিধানসভার প্রস্তুতি শুরু করতে চাইছে বামেরা।