নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাংলায় ৩৪ বছর শাসন করা সিপিএমের সঙ্গে এবার জুড়ে যেতে চলেছে ‘মহাশূন্য’ তকমা! এই মুহূর্তে রাজ্য বিধানসভায় সিপিএমের একজন বিধায়কও নেই। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিস্তর লম্ফঝম্ফ করেও একটি আসনও জিততে পারেনি সিপিএম। আর এবার রাজ্যসভার ‘সবে ধন নীলমণি’ আসনটিও চলে যাচ্ছে সিপিএমের কব্জা থেকে। আগামী বছর বাংলায় ৫টি রাজ্যসভার আসনে ভোট হবে। সেখানে প্রার্থীই দিতে পারবে না সিপিএম। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, ‘অনেকেই এমন বামপন্থী আছেন যাঁরা এখনও ঠিক আছেন। কিন্তু এক শ্রেণির বাম রামের সঙ্গে এক হয়েছে। মনে রাখবেন, যত এমন করবেন তত শূন্য থেকে মহাশূন্যে মিলিয়ে যাবেন।’
আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। মোটামুটি এপ্রিল-মে মাস নাগাদ নির্বাচন হওয়ার কথা রয়েছে। কিন্তু তার আগেই রাজ্যসভার ৫টি আসনে ভোট হয়ে যাবে। ২০২৬ সালের ২ এপ্রিল রাজ্যসভার মেয়াদ শেষ হচ্ছে পাঁচ জন সাংসদের। তাঁরা হলেন তৃণমূলের সুব্রত বক্সি, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, মৌসম বেনজির নুর ও সাকেত গোখলের। এছাড়াও এই তালিকায় রয়েছেন সিপিএমের বিকাশরঞ্জন ভট্টাচার্য। রাজ্যসভার প্রার্থীদের ভোট দিয়ে জয়ী করেন বিধায়করা। কিন্তু এখন বাংলায় সিপিএমের কোনও বিধায়ক নেই। ফলে রাজ্যসভায় কোনও প্রতিনিধি পাঠাতে পারবে না সিপিএম। যে পাঁচটি আসনে আগামী বছর ভোট হবে, তাতে বিধায়ক সংখ্যার নিরিখে চারটি আসনে জিতে যাবে তৃণমূল। একটি আসনে প্রার্থী দিতে পারবে বিজেপি। সাধারণত একজন রাজ্যসভার প্রার্থী জেতার জন্য ন্যূনতম ৪৯ জন বিধায়কের সমর্থন প্রয়োজন হয়। কিন্তু এখন একজন বিধায়কও না থাকার ফলে সংসদের উচ্চকক্ষে কোনও প্রতিনিধি আর পাঠাতে পারছে না সিপিএম।